সব বিধানসভায় নেতাজি সেবাকেন্দ্র,মাসে ৩০ হাজার বরাদ্দ, বিতর্কের আবহে ঘোষণা শুভেন্দুর
আজ তক | ১২ আগস্ট ২০২৬
নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে গত কয়েকদিনে একাধিক বিতর্ক ও মন্তব্য সামনে এসেছে। প্রকাশ্যে নেতাজিকে নিয়ে কুমন্তব্য করার অভিযোগে শোরগোল পড়েছে। আর এই আবহেই ‘মাস্টারস্ট্রোক’ দিলেন শুভেন্দু। রাজ্য বিধানসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের বিধানসভা এলাকাগুলিতে সেবাকেন্দ্র চালুর নির্দেশ দিলেন তিনি। নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে এই সেবাকেন্দ্রগুলি চালু করতে বলা হয়েছে।
বিধানসভায় এদিন সমস্ত বিধায়ককে এই সংক্রান্ত নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু জানিয়েছেন, সেবাকেন্দ্র চালু করতে পারলে তা চালানোর জন্য মাসে ৩০ হাজার টাকা করে দেবে সরকার। এ বিষয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের সঙ্গেও মুখ্যমন্ত্রীর কথা হয়েছে।
সাধারণ মানুষকে সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা দিতে প্রত্যেক বিধানসভায় তৈরি হবে এই নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র। এই কেন্দ্র চালাতে মাসিক ৩০ হাজার টাকা দেওয়া হবে। অগাস্ট মাস থেকে এই প্রকল্প চালু হচ্ছে। তবে তার জন্য কিছু শর্ত মানতে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'শর্ত না মানলে টাকা মিলবে না। স্পিকারকে এই বিষয়টি দেখতে হবে।'
প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপির তরফে প্রতিটি এলাকায় বিধায়ক সেবা কেন্দ্র খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের তরফে ২০৭ আসনে সেই সেবা কেন্দ্র খোলা হচ্ছে (নন্দীগ্রাম আসন ছেড়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে এখনও উপনির্বাচন হয়নি)। কিছু আসনে ইতিমধ্যেই কেন্দ্র চালু হয়েছে। এ ছাড়াও অনেক বিরোধী বিধায়কও অফিস খোলেন সাধারণকে পরিষেবা দেওয়ার জন্য। সেই বিধায়ক সেবা কেন্দ্রগুলির এবার নাম রাখতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র।