গেরুয়া থেকে সাদা হয়ে ফের গেরুয়া অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, রুদ্রনীল বললেন, ‘রাজনীতিকরণ চাই না’
প্রতিদিন | ১২ আগস্ট ২০২৬
এক মাসে পরপর তিনবার। অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের দেওয়ালে ফের পড়ল গেরুয়া রং। হাওড়া শিবপুরের বিধায়ক রুদ্রনীল দাঁড়িয়ে থেকে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের দেওয়াল রং বদল করান এদিন। সেখানে দাঁড়িয়ে রুদ্রনীলের হুঁশিয়ারি, “আকাডেমিতে কোনওমতেই রাজনীতিকরণ চাই না।”
রাজ্যে পালাবদলের পর জুলাই মাসে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশকে গেরুয়া রং করা হয়েছিল। এই নিয়ে বিতর্ক কম হয়নি। এর তীব্র নিন্দা করেছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যও। যদিও বিতর্কের পরেও প্রশাসনের তরফে রং পরিবর্তনের কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। তাই মঙ্গলবার ভবনের গেরুয়া রং নিজেরাই বদলে সাদা করে দিলেন শিল্পী ও কলাকুশলীরা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব চন্দন সেন-সহ অন্যরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অ্যাকাডেমি অফ ফাইন আর্টস চত্বরে হাজির ছিলেন হেস্টিংস থানার পুলিশ। ২৪ ঘণ্টার মধ্যে সাদা দেওয়ালে পড়ল গেরুয়া প্রলেপ। বিধায়ক রুদ্রনীল ঘোষ বলেন, “আকাডেমিতে কোনওমতে রাজনীতিকরণ চাই না। এখানে আর কোনও সিটুর স্লোগান চলবে না। আর লালঝান্ডা উড়বে না।” সেই সঙ্গে প্রবীণ বামনেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের নাম ধরে তুলোধোনা করেন রুদ্রনীল। পালটা বিকাশের মন্তব্য, “রুদ্রনীল বাবুরা হামলা করতেই পারেন, এর পরিণতি কী হবে তা বুঝতে পারছেন না। ক্ষমতায় আসার পর অসভ্যতা করছে। মাথায় ক্ষমতা ঢুকলে বুদ্ধি হারিয়ে যায়। ওরা নাটক ছাড়া কিছু বোঝেন না। যেটা করছেন ঠিক করছেন না।”
গত ১২ জুলাই অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের মূল গেটের পাশের টিকিট কাউন্টারটি গেরুয়া রং করে দেওয়া হয়। তার পাশেই লাগানো হয় ভারতমাতার একটি ব্যানার। এরপরই অ্যাকাডেমির মতো ঐতিহ্যবাহী এলাকায় ‘গেরুয়া প্রবেশ’ নিয়ে নাট্যকাররা প্রতিবাদ জানিয়ে শমীক ভট্টাচার্যকে চিঠি লেখেন। তাঁর বাড়িতে গিয়েও এই ঘটনার নিন্দা জানান তাঁরা। সেই সময় পদক্ষেপের আশ্বাস দিয়েছিলেন শমীক। কিন্তু বেশ কয়েকদিন পেরিয়ে যাওয়া সত্ত্বেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছিলেন তিনি। মঙ্গলবার শিল্পী ও কলাকুশলীরা অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশের গেরুয়া রং বদলে সাদা করে দেন। ২৪ ঘণ্টার মধ্যে ফের সেখানে ফিরল গেরুয়া রং ও ভারতমাতার ছবি।