বদলের বাংলায় বিজেপি সরকারের ১০০ দিন, আসতে পারেন শাহ, রয়েছে একাধিক কর্মসূচি
প্রতিদিন | ১২ আগস্ট ২০২৬
গত ৪ মে পরিবর্তনের পরিবর্তনের সাক্ষী থেকেছে বাংলার মানুষ। গত ১৫ বছরে তৃণমূল সরকারের অবসান ঘটিয়ে প্রতিষ্ঠিত হয় বিজেপির সরকার। এক-দুই করে বদলের বাংলা পেরতে চলেছে ১০০ দিন। সেটাই উদযাপন করতে এবার রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনদিনের সফরে তাঁর বাংলায় আসার কথা। শাহের এই সফরে প্রশাসনিক বৈঠক-সহ একাধিক কর্মসূচি রয়েছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, নবান্নেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেতে পারেন বলে জানা যাচ্ছে।
বিজেপি নেতৃত্বাধীন সরকারের ১০০ দিন পূর্ণ হচ্ছে আগামী ১৯ আগস্ট। এই বিষয়টি মাথায় রেখেই মূলত অমিত শাহের এই সফর। সেই অনুযায়ী, আগামী ২০ আগস্ট কলকাতায় আসবেন অমিত শাহ। ২১ ও ২২ তারিখ তাঁর দলীয় ও সরকারি একাধিক কর্মসূচি থাকবে বলে সূত্রের খবর। এই সফরে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গেও অমিত শাহ বৈঠক করবেন বলে জানা যাচ্ছে। সেই বৈঠকে বিভিন্ন সরকারি প্রকল্প ও প্রশাসনিক কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হতে পারে। শুধু তাই নয়, নবান্নেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেতে পারেন বলে খবর। সেখানে প্রশাসনিক বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
ফলত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরে প্রশাসনিক বৈঠকগুলিও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বঙ্গ বিজেপির কোর কমিটির পাশাপাশি রাজ্য কমিটির বর্ধিত বৈঠক রয়েছে। তিনদিনের এই সফরে শাহ এই বৈঠকেও উপস্থিত থাকতে পারে বলে খবর। বলে রাখা প্রয়োজন, রাজ্যে ক্ষমতায় আসার পর দলের মধ্যে থাকা বেনোজল বের করতে শুদ্ধকরণের পথে হাঁটছে বঙ্গ বিজেপি! নিচুতলার বড় অংশে তোলাবাজি ও দলবিরোধী কাজকর্ম চলায় বিব্রত নেতৃত্বকে তা রুখতে বারবার কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিতে হচ্ছে। সাসপেন্ডের সংখ্যা ইতিমধ্যে ছাড়িয়েছে আড়াইশোর বেশি। দলবিরোধী অনৈতিক কার্যকলাপ কড়া হাতে নিয়ন্ত্রণ করার দায়িত্ব মূলত যাদের হাতে, সেই জেলা সভাপতিরাও অনেকেই সেই কাজে ব্যর্থ! তাই এবার একেবারে জেলাস্তরেও দলের খোলনলচে বদলাতে বঙ্গ বিজেপি নেতৃত্ব চাইছে বলে খবর। সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই ১২ জনের বেশি জেলা সভাপতিকে সরানো হতে পারে বলে খবর। এহেন পরিস্থিতিতে বঙ্গ বিজেপির কোর কমিটির পাশাপাশি রাজ্য কমিটির বর্ধিত বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।