নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার করা হলে সেই ব্যক্তির বিরুদ্ধে সাইবার অপরাধ দমন আইনের আওতায় পুলিশি পদক্ষেপ করা হবে। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এ দিন সাংবাদিক বৈঠকে শুভেন্দু জানান, সাইবার সেলকে নির্দেশ দেওয়া হয়েছে, যাঁরা সোশ্যাল মিডিয়ায় ‘নেতাজি’কে নিয়ে বিভ্রান্তিকর প্রচার করছেন, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ করতে। মুখ্যমন্ত্রী বলেন, ‘উত্তরবঙ্গে রাষ্ট্রবাদ, দেশপ্রেমী বিধায়ক, মন্ত্রীরা এসেছেন আমার কাছে অভিযোগ জানাতে। নেতাজিকে নিয়ে যাঁরা অপপ্রচার করেছেন, মিম করেছেন তাঁদের বিরুদ্ধে কঠোর ও কঠিন ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তার করা হবে। কোনও জনপ্রতিনিধি বা এমপি-র ক্ষেত্রেও আইন সমান। একই পদক্ষেপ করা হবে।’
মুখ্যমন্ত্রী এ দিন সাংবাদিক বৈঠকে জানান, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আইন সকলের জন্য সমান। পুলিশকে দলমত নির্বিশেষে স্বাধীন ভাবে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোনও রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তি পুলিশের পদক্ষেপকে প্রভাবিত করবে না। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের মাটিতে নেতাজিকে অপমান করতে দেব না। গ্রেপ্তারও করতে বলা হয়েছে।’ বিষয়টি নিয়ে ‘মেটা’ কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, সম্প্রতি নেতাজিকে নিয়ে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন নেতা তথা বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের কয়েকটি মন্তব্য নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। রবিবার জলপাইগুড়ির ফুলবাড়ির একটি সভায় অনন্ত দাবি করেন, ভারতকে স্বাধীন করার ক্ষেত্রে নেতাজির কোনও অবদান নেই। বিষয়টি নিয়ে সরব হয়েছিল বিরোধীরা। মঙ্গলবার শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মাল্যদান করে বিজেপি সাংসদের এই মন্তব্যের চরম বিরোধিতা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।