শান্তিনিকেতনে একটি হোম-স্টে থেকে উদ্ধার হলো এক যুবকের দেহ। চাঞ্চল্য এলাকায়। বুধবার, শান্তিনিকেতনের তালতোড় এলাকার একটি হোম-স্টে থেকে সুরজিৎ পাল (২৬) নামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। সূত্রের খবর, পুলিশের প্রাথমিক অনুমান, ঘটনাটি আত্মহত্যার। যদিও মৃতের পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যা।
বড়ঞা থানার বাসিন্দা সুরজিৎ পাল। তিনি অনলাইন ডেলিভারি সংস্থায় কর্মরত ছিলেন। কাজের সূত্রে বোলপুর ও শান্তিনিকেতনের বিভিন্ন লজ ও হোম-স্টে থাকতেন তিনি। সম্প্রতি তালতোড়ের একটি হোম-স্টেতে ঘর ভাড়া নেন। সূত্রের খবর, বুধবার ঘরে ডাকাডাকি করে যুবকের কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। তার পরেই হোম-স্টে কর্তৃপক্ষ পুলিশকে খবর দেন। শান্তিনিকেতন থানার পুলিশ গিয়ে দরজা ভেঙে সুরজিতের ঝুলন্ত দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে দেহ পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি লিখিত অভিযোগ শান্তিনিকেতন থানায় দায়ের করেছে যুবকের পরিবার।
পরিবারের দাবি এই ঘটনার পর পরিবারের দাবি তাকে খুন করা হয়েছে। খুন না আত্মহত্যা—তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্ত ও ফরেন্সিক রিপোর্টের পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে আশা পরিবারের। সুরজিতের আত্মীয় গণেশচন্দ্র মণ্ডল বলেন, ‘চরম সন্দেহজনক। একটা মানুষ আত্মহত্যা করলে ও ভাবে পা বেঁকে থাকবে? আর ঘরের ছিটকিনি যদি বাইরে থেকে খোলা যায়, বাইরে থেকে লাগানোও যাবে। বাড়ির নম্বর তো জানতো, বাড়ির লোক আসার আগে কেন দেহ নামালো?’ সুরজিতের বন্ধু সৌরভ ঘোষের অভিযোগ, ‘আমরা এসে দেখতে পেলাম, ওই ঘরটি পুরোপুরি পরিষ্কার করে দেওয়া হয়েছে। আমরা জিজ্ঞেস করলাম ময়নাতদন্ত হয়নি, আপনারা কেন রুম পরিষ্কার করলেন। আমরা আমাদের বন্ধুকে চিনি, ও আত্মহত্যা করতে পারে না। আমরা থানায় লিখিত অভিযোগ করেছি।’