• টার্বুলেন্স কাণ্ড: গাঁজা সেবন করে বিমান চালান পাইলট!
    বর্তমান | ১৩ আগস্ট ২০২৬
  • নয়াদিল্লি: ফুকেত থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানের বিপত্তিতে সামনে এল চাঞ্চল্যকর তথ্য! ওইদিন গাঁজা সেবন করে বিমান চালাচ্ছিলেন পাইলট। ঘটনার পরেই পাইলটের ডোপ টেস্ট করা হয়। তাতে তিনি পাশ করতে পারেননি। দ্বিতীয় ডোপ টেস্টেও তাঁর মাদক সেবনের প্রমাণ মিলেছে। ৪ আগস্ট দিল্লিতে অবতরণের আগে এয়ার টার্বুলেন্সের কবলে পড়ে এআই-২৩৭৯ বিমানটি। ১৩৭ জন যাত্রী ও আট জন ক্রু ছিলেন সেটিতে। টার্বুলেন্সের প্রভাবে হঠাত্ করেই প্রায় ৩০০ ফুট নীচে নেমে আসে বিমানটি। প্রবল ঝাঁকুনিতে আহত হন প্রায় ২০ জন যাত্রী ও বিমানকর্মী। এয়ার টার্বুলেন্সের পড়ার সময় পাইলট ককপিটে ছিলেন না বলে আগেই জানা গিয়েছিল। সূত্রের খবর, দিল্লিতে অবতরণের পর পাইলটের প্রাথমিক শারীরিক পরীক্ষা করা হয়েছিল। তার কিছুক্ষণ পরে ফের একবার টেস্ট হয়। দ্বিতীয় টেস্টে স্পষ্ট প্রমাণ মিলেছে যে, গাঁজা সহ ধূমপান করেছিলেন। এদিকে, ঘটনার ব্যাখা চেয়ে এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসনকে ডেকে পাঠিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। 

    অন্য একটি সূত্র  জানিয়েছে, শুধু পাইলটের নেশার জন্য ওইদিন বিপত্তি ঘটেনি। ওড়িশার আকাশে এয়ার টার্বুলেন্সে পড়ার পর এয়ারবাস ৩২০ মডেলের বিমানটিতে একাধিক যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছিল। তার মধ্যে অন্যতম ‘ট্রিপল হাইড্রলিক ফেলিওর’ এবং অটোপাইলটের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। যান্ত্রিক গোলযোগ শুরু হওয়ার পর একাধিক ইন্ডিকেটর সুইচ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত কো-পাইলট বিমানটিকে ‘ম্যানুয়ালি কন্ট্রোল’ করতে সক্ষম হন। এদিন বিমান মন্ত্রক জানিয়েছে, এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) ঘটনার তদন্ত শুরু করেছে। ফ্লাইট ডেটা রেকর্ড সহ সমস্ত তথ্য সংগ্রহ করতে শুরু করেছে তারা।
  • Link to this news (বর্তমান)