• ১২০ কোটি থেকে নিত্য খরচ করতে পারবে মমতার তৃণমূল, জানাল সুপ্রিম কোর্ট
    বর্তমান | ১৩ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ব্যাংক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করে দেওয়ার বিষয়টিতে সম্পূর্ণ সুরাহা হল না ঠিকই। তবে নিত্য খরচ (ডে টু ডে) মেটাতে তৃণমূল তার ব্যাংক ‌অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে বলে মঙ্গলবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রশান্ত বি ভারালের বেঞ্চে ছিল শুনানি। তৃণমূলের পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন কপিল সিবাল এবং মানেকা গুরুস্বামী। তাঁরা বলেন, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ায় তৃণমূলের মুখপত্রের কর্মীদের বেতন দেওয়া যাচ্ছে না। অন্যান্য খরচও করা যাচ্ছে না। 

    যদিও শুনানিতে অর্থমন্ত্রকের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডায়রেক্টরেটের আইনজীবী তথা দেশের অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু বলেন, সম্পূর্ণ ফ্রিজ তো করা হয়নি। একটি ব্যাংকে তো ১২০ কোটি টাকা রয়েছে। সেটি তো নিত্য ব্যবহার করতে কোনো বাধা নেই। একইসঙ্গে তিনি এও বলেন, এখন আবার তৃণমূলের মধ্যে অন্য পক্ষও আছে। যা শুনে সুযোগ পেয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূলের আ‌ইনজীবী কে পরমেশ্বর বলেন, আমার মক্কেলরাও তো তৃণমূল। তাই শুধু একপক্ষকে ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে দিলে কী করে হবে? 

    যদিও দলের বিভাজন বিতর্কে কোনো মন্তব্য করতে চায়নি বিচারপতির বেঞ্চ। ঋতব্রত পন্থীদের বলা হয়, এ ব্যাপারে কলকাতা হাইকোর্ট ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারে যে স্পেশাল অফিসার নিযুক্ত করেছে, সেখানে আবেদন করুন। বিচারপতি সুন্দরেশ মুল আবেদনকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে বলেন, ইডি’র পক্ষ থেকে যখন বলা হচ্ছে, ১২০ কোটি টাকা থেকে নিত্য খরচ (ডে টু ডে) করতে পারবে, তখন অসুবিধে কোথায়? বাকি হাইকোর্টে যে মূল মামলা চলছে, সেখানে নিষ্পত্তি হোক। এদিকে, ফ্রিজ হওয়া আরও চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার দাবিতে ফের হাইকোর্টের দ্বারস্থ হল কালীঘাট তৃণমূল। তাঁদের বক্তব্য, সাইবার অপরাধ সংক্রান্ত এফআইআরের ভিত্তিতে দলের ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে লেনদেন বন্ধ হয়েছে। কিন্তু  কোনো বেআইনি লেনদেনের প্রমাণ নেই। আজ বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা। 
  • Link to this news (বর্তমান)