দিল্লিতে ককরোচদের মিছিলে পেলেট গানে জখম ১০ জন! আরটিআইয়ের জবাবে জানাল দুই হাসপাতাল
বর্তমান | ১৩ আগস্ট ২০২৬
নয়াদিল্লি: গত ২০ জুলাই দিল্লিতে ককরোচ জনতা পার্টির ‘সংসদ চলো’ কর্মসূচিতে অন্তত ১০ জন ছর্রা গুলিতে জখম হয়েছিলেন। তৃণমূল কংগ্রেস নেতা সাকেত গোখেলের তথ্যের অধিকার (আরটিআই) আইনে করা প্রশ্নের জবাবে একথা জানিয়েছে দিল্লির দু’টি হাসপাতাল। ঘটনাচক্রে, ২০ জুলাইয়ের ওই ঘটনার পরের দিন দিল্লি পুলিশের দাবি ছিল, প্রতিবাদী ছাত্রছাত্রীদের উপর পেলেট গান ব্যবহারের রিপোর্ট ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’।
অন্যদিকে, পেলেট গানের ব্যবহার নিয়ে সরকার তথ্য গোপনের চেষ্টা করছে বলে অভিযোগ বিরোধীদের। এই অবস্থায় আরটিআই-এর আওতাভূক্ত দিল্লির দু’টি হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্য এক্স হ্যান্ডলে শেয়ার করেছেন গোখেল। প্রাক্তন সাংসদ তথা তৃণমূলের জাতীয় মুখপাত্র লিখেছেন, লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ জানিয়েছে, ঘটনার দিন পেলেট/প্রজেক্টাইলে জখম ৯ জনকে হাসপাতালে আনা হয়েছিল। সফদরজং হাসপাতাল জানিয়েছে, সেখানে আনা হয়েছিল পেলেটে জখম একজনকে। তবে দিল্লি এইমস ও রামমনোহর লোহিয়া হাসপাতাল থেকে এখনও কোনো জবাব আসেনি বলে দাবি গোখেলের।
পেলেট গানের ব্যবহার নিয়ে রিপোর্টকে দিল্লি পুলিশ ‘মিথ্যা ও বিভ্রান্তি’র বলে দাবি করলেও ঘটনার সত্যতা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের অধীনস্থ দিল্লিতে নিযুক্ত র্যাপিড অ্যাকশন ফোর্সের (র্যাফ) জেনারেল ডায়েরিতে থাকা একটি এন্ট্রি উদ্ধৃত করে সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টে সামনে এসেছে, দিল্লি পুলিশের এক প্রবীণ আধিকারিকের নির্দেশেই ওইদিন প্রতিবাদী ছাত্রছাত্রীদের উপর ছর্রা গুলি চলেছিল। বাস্তবে পেলেট গান এবং শক-ব্যাটন র্যাফের সরঞ্জামের অংশ। নিরস্ত্র প্রতিবাদীদের ছত্রভঙ্গ করতে পেলেট গানের ব্যবহারে নিষেধাজ্ঞা জারির আর্জিতে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আবেদন পেশ হয়েছে। শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন ২০ জুলাই ছর্রা গুলিতে জখম দুই প্রতিবাদী ও ইন্টেলিজেন্স ব্যুরোর প্রাক্তন স্পেশ্যাল ডিরেক্টর যশোবর্ধন আজাদ।
সোমবার গোখেল তাঁর পোস্টে লিখেছেন, এখনও পর্যন্ত খবর ছিল ২০ জুলাইয়ের বিক্ষোভে ৫ জন ছর্রা গুলিতে জখম হন। তবে, হাসপাতাল থেকে পাওয়া নথিতে দেখা যাচ্ছে, নিশ্চিতভাবে আহতের সংখ্যা অন্তত দ্বিগুণ, অর্থাৎ ১০ জন। এই তৃণমূল নেতার তোপ, এটা গণতন্ত্রের কেমন প্রহসন যেখানে পুলিশ পেলেট গান ব্যবহার করে, এ নিয়ে মিথ্যা কথা বলে, এবং তারপর জখমের সংখ্যা প্রকাশ করতে অস্বীকার করে।
ভারতের রাজধানী শহরের কেন্দ্রস্থলে নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর পেলেট গান ব্যবহার করা হয়েছে এবং সরকার ও পুলিশ এখনও বিস্তারিত তথ্য গোপন করছে। মোদি সরকার কেন পেলেট গানে জখমদের সঠিক সংখ্যা প্রকাশ করেনি?