• নেতাজির অস্থিভস্ম ফেরাতে সুপ্রিম কোর্টে অনিতা পাফ
    বর্তমান | ১৩ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিতর্ক থাকলেও জাপানের রেনকোজি মন্দিরে সুভাষচন্দ্র বসুর অস্থিভস্ম রয়েছে বলেই নেতাজি কন্যা অনিতা বসু পাফের দাবি। তাই সেটি ভারতে ফিরিয়ে শেষকৃত্য সম্পন্ন করার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করছেন তিনি। মঙ্গলবার সেই মামলার শুনানিতে তাঁর হয়ে আইনজীবী অভিষেক মনু সিংভি সওয়াল করেন। বলেন, এ ব্যাপারে ভারত সরকার উদ্যোগ নিক। শুনানিতে অনলাইনে জার্মানি থেকে উপস্থিত ছিলেন অনিফা পাফ। আবেদনকারীর দাবি শুনে বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ মোদি সরকারকে নোটিস ইস্যু করেছে। আগামী ২৮ সেপ্টেম্বর হবে পরবর্তী শুনানি। তার মধ্যে কেন্দ্রকে এ ব্যাপারে বক্তব্য জানাতে হবে। যদিও জাপানের ওই মন্দিরের তথাকথিত অস্থিভস্মর বিষয়টির সঙ্গে সহমত নন নেতাজি গবেষকদের অনেকেই। তাই তাঁদের পক্ষেও মামলায় আগামীদিনে যুক্ত হতে চেয়ে আবেদন করা হবে বলেই জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায়। তিনি বলেন, আমরাও মামলায় অংশ নিয়ে আবেদন করব। নেতাজির মৃত্য রহস্যেরও যেখানে কিনারাই হয়নি, সেখানে জাপানের ওই অস্থিভস্ম সুভাষচন্দ্রের কি না, সেই বিতর্ক থেকেই যাচ্ছে। 
  • Link to this news (বর্তমান)