মুম্বই, ১২ আগস্ট: টানা ভারী বৃষ্টি চলছে মুম্বইতে। আর তার জেরেই বুধবার ভোরে ভয়াবহ ধস নামল মুম্বইয়ের ঘাটকোপার এলাকায়। অশোকনগর সংলগ্ন একটি পাহাড়ের অংশ ভেঙে কয়েকটি ঘরবাড়ির উপর ধসে পড়ে। দুর্ঘটনায় এখনও পর্যন্ত দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ধ্বংসস্তূপের নীচে অন্তত ছয়জন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভোরের দিকে আচমকাই পাহাড়ের মাটি ও পাথরের একটি বড় অংশ ধসে পড়ে। ঘুমন্ত অবস্থায় বেশ কয়েকজন বাসিন্দা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মুম্বই ফায়ার ব্রিগেড, বৃহন্মুম্বই পুরনিগমের কর্মী এবং উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপ সরিয়ে ইতিমধ্যে দু’জনের দেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি আটকে থাকা ব্যক্তিদের জীবিত অবস্থায় বের করে আনার জন্য জোরকদমে চলছে তল্লাশি ও উদ্ধারকাজ।
ভারী বৃষ্টির কারণে উদ্ধারকাজে বেশ কিছুটা সমস্যা হচ্ছে। নতুন করে মাটি ধসের আশঙ্কাও রয়েছে। ফলে অত্যন্ত সতর্কতার সঙ্গে ধ্বংসস্তূপ সরানো হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বর্ষার সময় পাহাড় সংলগ্ন এই অঞ্চলে বসবাসকারী পরিবারগুলির নিরাপত্তা নিয়ে আগেই উদ্বেগ ছিল। প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
মুম্বইয়ে বর্ষার মরশুমে ধস ও বাড়ি ধসে পড়ার ঘটনা নতুন নয়। তবে বুধবারের এই ঘটনায় ফের শহরের ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত মৃত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।