• বিজেপি নেতার বাড়ির সামনে সাদা থান ও হুমকি চিঠি
    বর্তমান | ১৩ আগস্ট ২০২৬
  • সংবাদদাতা, বোলপুর : সাতসকালেই উত্তপ্ত নানুর। বিজেপি নেতার বাড়ির সামনে সাদা থান কাপড়, গাঁদা ফুলের মালা এবং হুমকি চিঠি রাখার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে চাঞ্চল্য ছড়ায় নানুরের থুপসাড়া অঞ্চলের কুড়গ্রামে। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের আগে একই গ্রামের বাসিন্দা বিজেপির নানুর ৩ নম্বর মণ্ডল সভাপতি রামকৃষ্ণ মণ্ডলের বাড়ির সামনেও সাদা থান কাপড় সহ অন্ত্যেষ্টিক্রিয়ার সামগ্রী রাখা হয়েছিল। এইবার একইভাবে তাঁর কাকা গোরাচাঁদ মণ্ডলের বাড়ির সামনেও ওই সামগ্রী রাখার অভিযোগ উঠল। গোরাচাঁদ বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা কিষাণ মোর্চার সম্পাদক। এদিন সকালে বাড়ির সামনে বেরিয়ে পাঁচিলের উপর সাদা থান, ফুলের মালা ও চিঠি দেখতে পান তিনি। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। তারপর ফেলে রাখা অন্ত্যেষ্টিক্রিয়ার সামগ্রী উদ্ধার করে নিয়ে যান তাঁরা। গোরাচাঁদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনার সঙ্গে জড়িত। ইতিমধ্যেই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং এর পিছনে কোনো বড়ো পরিকল্পনা রয়েছে  কি না তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। 
  • Link to this news (বর্তমান)