সিআইডির সিজ করা বহুতলে ভয়াবহ আগুন, গোরু পাচার মামলার প্রমাণ নষ্টের চেষ্টা?
বর্তমান | ১৩ আগস্ট ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: গোরু পাচার তদন্তে সিআইডির সিজ করে রাখা বহুতল ভবনে ভয়াবহ আগুন লাগল। আজ বুধবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের উমরপুরে ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন একটি পরিত্যক্ত পাঁচ তলা ভবনে আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকাটি। ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগুন লাগা ওই ভবনটিতে গোরু পাচারকাণ্ডে অভিযুক্ত এনামুল হকের তিন ভাগ্নে জাহাঙ্গির আলম, হুমায়ুন কবির ও মেহেদি হাসান মার্বেল ব্যাবসা চালাতেন। তদন্তের জেরে বেশ অনেকদিন ধরেই বহুতল ভবনটি সিজ করে রেখেছিল সিআইডি। এরপর আজ সকালে আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ভবনের ভিতরে দাহ্য সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর দমকলে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের দুইটি ইঞ্জিন এবং রঘুনাথপুর থানার পুলিশ। এরপর দমকল কর্মীরা দীর্ঘক্ষণ চেষ্টা চালায় আগুন নিয়ন্ত্রণে আনার। তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। কীভাবে ভবনে আগুন লাগল, তা খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্য, গোরু পাচার মামলার তদন্তে এনামুল হকের তিন ভাগ্নের বিভিন্ন ব্যাবসায়িক প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়েছিল তদন্তকারী সংস্থা। অভিযোগ ছিল, ওই ব্যাবসায়িক প্রতিষ্ঠানগুলির মাধ্যমে আর্থিক লেনদেন এবং কালো টাকা সাদা করার কাজ চলত। তদন্তের সময় একাধিক সম্পত্তি ও ব্যাবসায়িক প্রতিষ্ঠান সিল করে দেওয়া হয় তদন্তকারীদের তরফে। সেই তালিকায় থাকা উমরপুরের এই ভবনে আগুন লাগার ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে। ভবনের ভিতরে গোরু পাচার মামলায় গুরুত্বপূর্ণ কোনও প্রমাণ-নথি পুড়িয়ে দিতেই কী এই আগুন? এমনটাই আশঙ্কা স্থানীয়দের।