রাস্তা অবরোধ করলেন রেখা পাত্রের অনুগামীরা, কেশবানন্দের গ্রেপ্তারের দাবি
বর্তমান | ১৩ আগস্ট ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বারাসত: বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ। প্রতিবাদে পথে নেমে স্বামী কেশবানন্দ মহারাজের গ্রেপ্তারের দাবি জানালেন রেখার অনুগামীরা। মঙ্গলবার সকালে হিঙ্গলগঞ্জে প্ল্যাকার্ড হাতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। দীর্ঘক্ষণ অবরোধ চলে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিশ।
ঘটনার নেপথ্যে লেবুখালির একটি বাড়ি। বিধানসভা নির্বাচনের আগে হিঙ্গলগঞ্জের কেশবানন্দ মহারাজের তিনতলা বাড়ি ভাড়ায় নেন রেখা। অভিযোগ, কয়েক মাসের ভাড়া বকেয়া। এনিয়ে মুখ্যমন্ত্রীর দরবারে অভিযোগ জানিয়েছেন বাড়ি মালিক কেশবানন্দ মহারাজ। পাশাপাশি তাঁর দাবি, বকেয়া টাকা চাইতে গেলে রেখা কটূক্তি করেন। দুর্ব্যবহারও করা হয়েছে। রেখার পাল্টা দাবি, তিনি পা ভেঙে অসুস্থ ছিলেন। নিয়মিত বিধানসভায় যেতে পারেননি। তার জেরে বেতন সংক্রান্ত সমস্যা হয়। তাই সময়মতো ভাড়া দেওয়া সম্ভব হয়নি। বেতন পেলেই বকেয়া মিটিয়ে দেওয়ার কথা মহারাজকে জানিয়েছিলেন। রেখার স্পষ্ট বক্তব্য, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। এর প্রতিবাদে মঙ্গলবার রাস্তায় নামেন রেখার অনুগামীদের একাংশ। মহারাজের বিরুদ্ধে স্লোগান দেন তাঁরা। মহারাজের সম্পর্কে নাতি রাজেন মণ্ডল বলছেন, ওঁর এত সম্পত্তি হল কীভাবে তার সিবিআই তদন্ত করতে হবে। নিজস্ব চিত্র