• দোকান দখল ঘিরে গেরুয়া শিবিরের দুই গোষ্ঠীর সংঘর্ষ, জখম মণ্ডল সহসভাপতি
    বর্তমান | ১৩ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বিজেপির গোষ্ঠীকোন্দলের জেরে উত্তেজনা ছড়াল হাওড়ার শালিমারে। রবিবার শালিমার ৩ নম্বর রেলগেট এলাকায় রেল ওভারব্রিজের নীচে অস্থায়ী খাবারের দোকান তৈরি করা নিয়ে বিজেপির দুই পক্ষের হাতাহাতির অভিযোগ ওঠে। গুরুতর জখম হয়েছেন দক্ষিণ হাওড়া ১ নম্বর মণ্ডলের সহসভাপতি দিবাকর চৌধুরী। দু’দিন ধরে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে পরস্পরের বিরুদ্ধে এ জে সি বোস বি গার্ডেন থানায় অভিযোগ দায়ের করেছে দুই পক্ষ।

    স্থানীয় সূত্রে খবর, শালিমার ভাঁড়পট্টি এলাকার বাসিন্দা তথা বিজেপির বস্তি উন্নয়ন সেলের সদস্য ললিত নারায়ণ মেহতা ৩ নম্বর রেলগেটের কাছে একটি অস্থায়ী খাবারের দোকান তৈরি করছিলেন। স্থানীয়দের দাবি, আগে সেখানে অন্য এক ব্যক্তি দোকান চালাতেন। বিজেপি ক্ষমতায় আসার পর বন্ধ হয়ে থাকা সেই দোকানটি ললিত দখল করেন বলে অভিযোগ। রবিবার বিকালে বিষয়টি জানতে পেরে মণ্ডল স্তরের কয়েকজন বিজেপি কর্মী ঘটনাস্থলে যান। তাঁদের সঙ্গে ছিলেন মণ্ডলের সহসভাপতি দিবাকর। অভিযোগ, দোকান নিয়ে কথা কাটাকাটির মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে দিবাকর ললিতকে চড় মারেন বলে অভিযোগ। এরপরেই দুই পক্ষের হাতাহাতি শুরু হয়। ললিতের নেতৃত্বে একদল দুষ্কৃতী মণ্ডল কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ। মারধরের জেরে দিবাকরের মাথায় আঘাত লাগে। দক্ষিণ হাওড়া-১ নম্বর মণ্ডলের কর্মী মৃত্যুঞ্জয় পাণ্ডে ও সুন্দর পাসোয়ান জানান, ললিত আগে বিজেপির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে তাঁর সেরকম কোনো সাংগঠনিক পদ নেই। তাঁদের দাবি, দোকান দখলের খবর পেয়েই তাঁরা ঘটনাস্থলে গিয়েছিলেন। অভিযোগ অস্বীকার করে ললিতের দাবি, বিজেপির কয়েকজন কর্মী আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁর কাছে ৫০ হাজার টাকা দাবি করেছিল। টাকা দিতে অস্বীকার করায় তাঁকেও মারধর করা হয়েছে। দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এদিকে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ঘিরে অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব। যদিও বিজেপির হাওড়া সদরের সম্পাদক ওমপ্রকাশ সিংয়ের দাবি, এটি দলের গোষ্ঠীদ্বন্দ্ব নয়। ক্ষমতা হারানোর পর তৃণমূলের কিছু লোক পিছনের দরজা দিয়ে বিজেপিতে ঢুকে অশান্তি পাকানোর চেষ্টা করছে। তবে দলের কেউ জড়িত থাকলে নেতৃত্ব ব্যবস্থা নেওয়া হবে।
  • Link to this news (বর্তমান)