• ই-কেওয়াইসি করাতে কিনতে হবে হাজার টাকার সামগ্রী, তীব্র বিক্ষোভ
    বর্তমান | ১৩ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রান্নার গ্যাসের গ্রাহকদের ই-কেওয়াইসি প্রক্রিয়া শুরু হতেই বেআইনিভাবে টাকা আদায়ের অভিযোগ উঠল জগৎবল্লভপুরে। একটি গ্যাস সরবরাহকারী সংস্থার স্থানীয় ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে ই-কেওয়াইসি করাতে গিয়ে গ্রাহকদের এক হাজার টাকারও বেশি মূল্যের বিভিন্ন সামগ্রী কিনতে বাধ্য করার অভিযোগ উঠেছে। প্রতিবাদে মঙ্গলবার সকালে মুন্সিরহাটে হাওড়া-আমতা রোড অবরোধ করেন ক্ষুব্ধ গ্রাহকরা। দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। স্থানীয় গ্রাহকদের অভিযোগ, ই-কেওয়াইসি করাতে গেলে গ্যাসের পাইপ, বার্নার-সহ বিভিন্ন সরঞ্জাম কেনার জন্য চাপ দেওয়া হচ্ছে। অভিযোগ, ওই সামগ্রী না কিনলে ই-কেওয়াইসি করা হচ্ছে না। এদিনও মুন্সিরহাটে ই-কেওয়াইসি করাতে এক হাজারের বেশি গ্রাহক লাইনে দাঁড়িয়েছিলেন বলে স্থানীয়দের দাবি। ফলে সকাল থেকেই এলাকায় উত্তেজনা ছড়ায়। গ্রাহক অঞ্জলি ভুঁইয়ার অভিযোগ, অর্থ না থাকায় তিনি ই-কেওয়াইসি না করিয়েই ফিরে যেতে বাধ্য হন। অবরোধকারী গ্রাহক বিপুল মাইতির কথায়, ‘আমরা দীর্ঘদিন গ্যাস ব্যবহার করছি। এখন হঠাৎ আলাদা নিয়ম কেন?’ আর এক গ্রাহক সৌমেন্দ্র কাঁড়ার বলেন, ‘ই-কেওয়াইসি করতে জোর করে জিনিস কিনতে বাধ্য করা হচ্ছে। তাই প্রতিবাদে রাস্তা অবরোধ করেছি। কোনো সরকারি নির্দেশও সংস্থা দেখাতে পারেনি।’ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গ্রাহকদের বুঝিয়ে অবরোধ তুলে দেয়। এরপর স্বাভাবিক হয় যান চলাচল। যদিও গ্রাহকদের অভিযোগ অস্বীকার করে ডিস্ট্রিবিউটরের দাবি, নিরাপত্তার কথা মাথায় রেখে কিছু সরঞ্জাম কেনার পরামর্শ দেওয়া হচ্ছে। কাউকে তা কিনতে বাধ্য করা হচ্ছে না।
  • Link to this news (বর্তমান)