• ১২ হাজার গাছ লাগিয়ে সবুজায়নের বার্তা বাগনানের মহিলা স্বনির্ভর দলের
    বর্তমান | ১৩ আগস্ট ২০২৬
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: পরিবেশকে নির্মল রাখতে দীর্ঘ ৩০ বছর ধরে গাছ লাগিয়ে চলেছেন বাগনান মহিলা বিকাশের স্বনির্ভর দলের সদস্যরা। ১৯৯৫ সালে বাগনান মহিলা বিকাশ স্বনির্ভর দল তৈরির কাজ শুরু হয়। সেইসময় থেকে দলের মহিলা সদস্যরা পরিবেশকে নির্মল রাখতে প্রতিজ্ঞাবদ্ধ হন। বাড়ি থেকে সংগৃহীত তালের আঁটি, বাবলা গাছের দানা ছড়িয়ে সবুজায়নের কাজ শুরু করে সদস্যরা। পরবর্তী সময়ে সদস্যদের কল্যাণ তহবিলের সমিতির ১০ শতাংশ লভ্যাংশের টাকা দিয়ে সবুজায়নের কাজ শুরু হয়। বর্তমানে বাগনান ১ নং ব্লকের ৮২টি গ্রাম জুড়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি চলে। এইবছর স্বনির্ভর দলের ২ হাজার ৩০০ জন মহিলা ১১ হাজার ৬২৮টি গাছ লাগিয়েছেন। সমিতির কর্তা বিপ্লব ঘোষ বক্তব্য, যেসব মহিলারা নিজেদের জমিতে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষা করছেন এবং নিজেদের পরিবারের অর্থনৈতিক উন্নয়ন ঘটাচ্ছেন তাঁদের উৎসাহিত করার জন্য প্রতি বছর চারজনকে পরিবেশ কল্যাণী সম্মানে ভূষিত করা হচ্ছে। এখনও পর্যন্ত বাগনানজুড়ে স্বনির্ভর দলের ৪০ হাজার মহিলা আড়াই লক্ষ গাছ লাগিয়েছেন। বিপ্লব ঘোষ বলেন, আমরা উপলব্ধি করেছি শুধুমাত্র গ্লোবাল ওয়ার্মিংয়ের ভয় দেখিয়ে পরিবেশ রক্ষা করা যাবে না। পরিবেশ রক্ষা করতে গেলে পরিবেশ কীভাবে সাধারণ প্রান্তিক মানুষের উপকার করবে, সেটা তাঁদের যেমন বোঝাতে হবে, সেইরকম হাতে কলমে গাছ লাগিয়ে উদাহরণ তৈরি করতে হবে।  
  • Link to this news (বর্তমান)