• তারকেশ্বরে প্রাক্তন কাউন্সিলার ও ব্যবসায়ীর বাড়িতে হামলা, চাঞ্চল্য
    বর্তমান | ১৩ আগস্ট ২০২৬
  • সংবাদদাতা, তারকেশ্বর: তারকেশ্বরে প্রাক্তন কাউন্সিলার ও এক ব্যবসায়ীর বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালায়। সোমবার গভীর রাতে তারকেশ্বর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার মহম্মদ নঈমের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। নঈম বলেন, বাড়ির সমস্ত জানলার কাচ ভেঙে দেওয়া হয়েছে। গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। থানায় জানিয়েছি। অন্যদিকে, কাউন্সিলরের বাড়ি ভেবে পদ্মপুকুর ১০ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ীর বাড়িতেও একইভাবে হামলা চলে। অভিযোগ জমা পড়েছে থানায়। ব্যবসায়ী শান্তনু মণ্ডলের দাবি, আমি রাজনীতি করি না। গভীর রাতে জনা ৬-৭ দুষ্কৃতী মুখে কাপড় চাপা দিয়ে দরজা ধাক্কা দিতে থাকে। তারা ১০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার উত্তম ভাণ্ডারীর বাড়ি খোঁজ করে। এই বাড়িটি উত্তমের নয় বলার পরও বিশ্বাস করেনি দুষ্কৃতীরা। ইট ছুড়ে জানালার কাচ ভেঙে দেওয়া হয়। পেট্রোল ঢেলে দেওয়া হয় দরজায়। চিৎকার চেঁচামেচিতে কিছুক্ষণের মধ্যে চম্পট দেয় দুষ্কৃতীরা। গত ৭ আগস্ট প্রাক্তন কাউন্সিলার উত্তম ভাণ্ডারীর অফিসে হামলা চালায় দুষ্কৃতীরা। ১০ আগস্ট বিধায়ক সন্তু পান এসে থানায় অভিযোগ জানাতে বলেন উত্তমবাবুকে। পরবর্তী সময় সেই অভিযোগ তুলে নেন তিনি। এই  ঘটনার সঙ্গে সোমবার রাতে হামলার ঘটনার যোগসূত্র থাকতে পারে বলে অনুমান স্থানীয়দের। স্থানীয় বিধায়ক সন্তু পান বলেন, পুলিশকে জানানো হয়েছে এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না। অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক। ঘটনার তদন্ত শুরু করেছে তারকেশ্বর থানার পুলিশ।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)