মেয়েদের আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট স্কুল গড়ে তুললেন ‘শিহান’ সুব্রত দত্ত, বিনামূল্যে প্রশিক্ষণ
বর্তমান | ১৩ আগস্ট ২০২৬
সংবাদদাতা, বনগাঁ: মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখাতে মার্শাল আর্ট স্কুল গড়ে উঠল বনগাঁয়। শিহান সুব্রত দত্তের উদ্যোগে বনগাঁ পাইকপাড়ায় এই স্কুল গড়ে তোলা হয়েছে। রবিবার অভয়া কাণ্ডের দ্বিতীয় বর্ষপূর্তির দিন এক অনুষ্ঠানের মাধ্যমে এই স্কুলের সূচনা হয়। স্কুলের দারোদ্ঘাটন করেন বনগাঁর এসডিপিও কুণাল জৈন। ছিলেন হাবড়ার বিধায়ক দেবদাস মণ্ডল। এখানে বিনামূল্যে মহিলাদের মার্শাল আর্ট প্রশিক্ষণ দেবেন শিক্ষকরা। সপ্তাহে ৫ দিন প্রশিক্ষণ পাবেন তাঁরা। ইতিমধ্যে ২২ জন ছাত্রী এই স্কুলে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৮ জন স্কুলছাত্রী। বাকিরা কলেজছাত্রী।
এই মার্শাল আর্ট স্কুলে ভর্তি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী পূজা দাস। তিনি বলেন, পড়াশোনার কারণেই রাস্তাঘাটে বের হতে হয়। ট্রেনে-বাসে অনেকসময় নানাভাবে হেনস্তার শিকার হতে হয়। রাতে বাড়ি ফিরতে ভয় লাগে। আত্মরক্ষার্থে তাই এই স্কুলে ভর্তি হয়েছি।
দু’বছর আগে ঘটে যাওয়া অভয়া কাণ্ড দেশ জুড়ে প্রতিবাদের ঝড় তুলেছিল। ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে নারী সুরক্ষায় জোর দেওয়া হয়েছে। গত বছর বনগাঁ পুলিশ জেলার পুলিশের পক্ষ থেকে ‘শক্তি প্রজেক্টের’ মাধ্যমে স্কুলে স্কুলে ছাত্রীদের আত্মরক্ষায় মার্শাল আর্ট প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। সেই প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন সুব্রত দত্ত। ছাত্রীদের প্রশিক্ষণ দিতে গিয়ে তাঁদের কাছ থেকেই বিভিন্ন সময় ঘটে যাওয়া নির্যাতনের কথা শুনেছিলেন তিনি। সেই নির্যাতনের কথা শুনে তাঁদের আত্মরক্ষায় কিছু করার পরিকল্পনা করেন সুব্রতবাবু। গড়ে তোলেন মেয়েদের জন্য বিনামূল্যে মার্শাল আর্ট স্কুল।
সুব্রত দত্ত বলেন, পুলিশের শক্তি প্রকল্পে প্রশিক্ষণ দিতে গিয়ে অনেক মেয়ের কাছ থেকে শারীরিক নির্যাতনের কথা শুনেছিলাম। তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম মেয়েদের জন্য কিছু করব। তাই ৯ আগস্ট দিনটি বেছে নিয়েছি। আমাদের প্রতিজ্ঞা, আর কোনো মেয়েকে অভয়া হতে দেব না।