নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে জেল হেপাজতে থাকা তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে বোদরা থানার অন্য একটি মামলায় আগাম জামিন বাতিল হয়ে গেল। মঙ্গলবার আলিপুরের জেলা আদালত ওই আবেদন খারিজ করে দেয়। মামলায় বিশেষ সরকারি কৌঁসুলি অরবিন্দ মিত্র জানান, সরকারি ও বেসরকারি সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে সওকত ও তাঁর লোকজনের বিরুদ্ধে। এ নিয়ে দক্ষিণ ২৪ পরগনার বোদরা থানায় মামলা দায়ের করা হয়। সরকারি আইনজীবী বলেন, রাজ্য পুলিশের সেই মামলায় গ্রেপ্তারি এড়াতেই তড়িঘড়ি আগাম জামিনের আবেদন করেন প্রাক্তন বিধায়ক। দীর্ঘ শুনানির শেষে বিচারক মামলায় যাবতীয় নথিপত্র ও কেস-ডায়েরি খতিয়ে দেখে অভিযুক্তের আগাম জামিনের আবেদন নাকচ করে দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের জুলাই মাসে মামলাটি দায়ের করা হয়।
এদিকে, ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে শওকতকে সম্প্রতি গ্রেপ্তার করেছে এনআইএ। সেই মামলায় তিনি জেল হেপাজতে রয়েছেন। মঙ্গলবার তাঁকে কলকাতার বিচারভবনে এনআইএ’র বিশেষ আদালতে ফের হাজির করা হয়। তাঁর আইনজীবী সেলিম রহমান যে কোনো শর্তে অভিযুক্তের জামিনের আবেদন জানান। এনআইএ’র তরফে আপত্তি জানানো হয়। বিচারক তা বাতিল করে দিয়ে শওকতকে ফের ১৪ দিনের জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দেন।