• তোলাবাজি-কাটমানি রুখতে পুলিশকে নিয়ে ঠিকাদারদের আশ্বাস বিজেপির বিধায়কের
    বর্তমান | ১৩ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট। তৃণমূল সরকারের আমলে এই তিনটি অভিযোগ নিয়ে বার বার সরব হয়েছিল বিরোধীরা। পালাবদলের পরেও বিভিন্ন জায়গায় তোলাবাজির অভিযোগ উঠছে। বিজেপি নেতৃত্ব তোলাবাজি দমন করতে আগেই মাঠে নেমেছে। এবার সরকারি কাজে কাটমানি ও তোলাবাজি বন্ধ করতে অভিনব উদ্যোগ নিলেন রাজারহাট-গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তেওয়ারি। সোমবার সরকারি ঠিকাদারদের নিয়ে তিনি বৈঠক করেছেন। সেখানে বাগুইআটি থানার আইসি সঞ্জয় ঘোষও উপস্থিত ছিলেন। কেউ যদি তোলাবাজি করে, কাটমানি চায় তাহলে পুলিশে অভিযোগ করার নির্দেশ দিয়েছেন।

    বাগুইআটি থানা এলাকায় ওই বৈঠক ডাকা হয়েছিল। সেখানে সরকারি ঠিকদারদের বিধায়ক স্পষ্টভাবে বলেন, কাজ হবে মানুষের জন্য, কারও পকেট ভরার জন্য নয়। কোনো কাটমানি, তোলাবাজি বা রাজনৈতিক চাপকে ভয় পাওয়ার দরকার নেই। নির্ভয়ে কাজ করুন। ট্যাক্সপ্রেয়ারের টাকা কোনো নেতার পকেটে যাওয়ার জন্য নয়। সেই টাকা মানুষের জন্য রাস্তা, ড্রেন, আলো, পরিকাঠামো এবং এলাকার উন্নয়নের কাজে খরচ হওয়ার জন্য। গত কয়েক বছর ধরে সরকারি কাজের ক্ষেত্রে ১০-১৫% কাটমানি নিয়ে যে সংস্কৃতি তৈরি হয়েছিল, সেটা আর চলবে না। মানুষের টাকার একটুও যেন অপচয় না হয়, সেটাই আমাদের লক্ষ্য। বিধায়ক আরও জানান, কোনো ঠিকাদারের কাছে যদি কেউ তোলাবাজি করে, টাকা চায় বা কাজ করতে বাধা দেয়, তাহলে সরাসরি পুলিশের কাছে অভিযোগ করুন। পুলিশও স্পষ্টভাবে ঠিকাদারদের আশ্বস্ত করেছে, তোলাবাজির অভিযোগ পেলে থানায় জানান। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

    কাটমানি, তোলাবাজি নিয়ে বার্তা দেওয়ার পাশাপাশি, বিধায়ক কাজের ব্যাপারেও কড়া বার্তা দিয়েছেন। তিনি ঠিকাদারকে বলেন, কোনো গাফিলতি, নিম্নমানের কাজ বা অনিয়ম বরদাস্ত করা হবে না। মানুষের টাকার বিনিময়ে যে কাজের দায়িত্ব নিয়েছেন, সেটা সঠিকভাবে করতেই হবে। গাফিলতি হলে ব্যবস্থা আমিও নেব। বিধায়কের সঙ্গে সহমত জানিয়েছেন ঠিকাদাররাও।
  • Link to this news (বর্তমান)