• মহিলা মোর্চার বৈঠকে ‘হট্টগোল’ শোকজ হওয়া নেতার, বাধা দিতেই মারধর! চাঞ্চল্য সিতাইয়ে
    প্রতিদিন | ১৩ আগস্ট ২০২৬
  • দলবিরোধী কাজ করায় শোকজ হয়েছিলেন আগেই। কোচবিহারের সিতাই বিধানসভার ৬ নম্বর মহিলা মোর্চার সভাপতি মালতী বর্মনকে মারধরের অভিযোগ উঠল সেই শোকজ হওয়া নেতার বিরুদ্ধে। অভিযোগ, মহিলা মোর্চার একটি বৈঠকে গিয়ে মহিলাদের ভিডিও করছিলেন অভিযুক্ত। বাধা দেওয়ায় মালতীর মাথা ধরে জলের মধ্যে চুবিয়ে মারধর করা হয়। বেধড়ক মারধর করা হয় বিজেপি নেত্রীর স্বামী, ছেলে-সহ পরিবারের সদস্যদেরও। জখমরা বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

    অভিযুক্তের নাম ধনঞ্জয়। তিনি বিজেপির ৬ নম্বর মণ্ডলের সভাপতি। সম্প্রতি একাধিক দলবিরোধী কাজের অভিযোগে তাঁকে শোকজ করে বিজেপি। জানা গিয়েছে, মঙ্গলবার সিতাই বিধানসভার ৬ নম্বর মহিলা মোর্চার মণ্ডল সভাপতি মালতী বর্মনের উদ্যোগে একটি বৈঠকের আয়োজন করা হয়। সেখানে নিজের দলবল নিয়ে উপস্থিত হন ধনঞ্জয়। তিনি হঠাৎ মোবাইল বের করে মহিলাদের ভিডিও করতে থাকেন। এর প্রতিবাদ করেন মালতী। এই নিয়ে দু’জনের মধ্যে তীব্র বাদানুবাদ হয়। যদিও সেই সময় বৈঠক ছেড়ে চলে যান ধনঞ্জয়। পরে ভাইকে নিয়ে ফিরে এসে মালতীর উপর হামলা চালায়। তাঁর মাথা ধরে জলের মধ্যে চুবিয়ে দেওয়া হয়। বাধা দিলে মালতীর পরিবারের সদস্যদেরও মারধর করা হয় বলে অভিযোগ। অভিযুক্তদের মধ্যে একজন মদ্যপ অবস্থায় ছিলেন বলে দাবি করেন মহিলা মোর্চার সদস্যরা।

    এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জখমদের দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তোলেন মহিলা মোর্চার সদস্যরা। একজন শোকজ হওয়া নেতার এই আচরণে উত্তেজনা ছড়ায় এলাকার রাজনৈতিক মহলে।
  • Link to this news (প্রতিদিন)