• প্যাচওয়ার্কই ভরসা! একমাসে বিভিন্ন রাস্তার ১৬৫টি স্পটে খানাখন্দ ভরাট
    বর্তমান | ১৩ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের রাজধানী শহরের রাস্তাঘাটের অবস্থা রীতিমতো বেহাল। ভোগান্ত বাড়ছে শহরবাসীর। ধর্মতলার মোড়, রাসবিহারী হোক বা শিয়ালদহ থেকে বাইপাস—সর্বত্র রাস্তার নানা জায়গা খানাখন্দে ভরে রয়েছে। টানা বর্ষা চলতে থাকায় আগে থেকে হয়ে থাকে ছোটো গর্তগুলি বিশাল আকার পেয়েছে। এই অবস্থায় রাস্তার সার্বিক সংস্কার দূর অস্ত! খানাখন্দ ভরতেই দিন কাবার হচ্ছে পুরকর্মীদের। কলকাতা পুরসভা সূত্রে খবর, গত এক মাসে ১৬৫টি স্পটে  প্যাচওয়ার্ক করে গর্ত ভরাট করা হয়েছে। কিন্তু লাগাতার বৃষ্টির ফলে জোড়াতাপ্পির সেই পিচ উঠে যাচ্ছে। আবার তৈরি হচ্ছে গর্ত। বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। 

    মিন্টো পার্কে রাস্তায় তৈরি হয়েছে বড়ো বড়ো গর্ত। এমন গুরুত্বপূর্ণ রাস্তায় গর্ত বিপদ বাড়াচ্ছে চালকদের। যানবাহনের গতি শ্লথ হয়ে পড়ছে। শুধু এই একটি উদাহরণ নয়, শহরের রাস্তাঘাটের সার্বিক সংস্কার বা মেরামতির কাজ গতি হারিয়েছে বলেই অভিযোগ ভুক্তভোগীদের। আপাতত রাস্তার খানাখন্দ ভরাট করতে প্যাচওয়ার্ক বা জোড়াতাপ্পি দেওয়ার কাজ চলছে। অনেক জায়গায় কয়েকদিনের মধ্যেই প্যাচওয়ার্কের পিচ উঠে যাচ্ছে। বৃষ্টিতে বিভিন্ন রাস্তায় তৈরি হয়েছে গর্ত। গত কয়েক বছর ধরেই কলকাতা পুরসভার সড়ক বিভাগ এই ধরনের গর্ত মেরামত করতে মোবাইল ভ্যান ব্যবহার করে। যেখানে গর্ত দেখা যায়, সেখানে ভরাট করে দেওয়া হয় পিচ দিয়ে। পুরসভা সূত্রে খবর, মাঝখানে কিছুদিন সেই কাজও লাটে উঠেছিল। কিন্তু চলতি বর্ষায় বিভিন্ন রাস্তার অবস্থা আরও বেহাল হয়েছে। এই পরিস্থিতিতে গত কয়েকদিন ধরে গর্তগুলি বোজানোর কাজ চালাচ্ছে পুরসভার সড়ক বিভাগ। বেনিয়াপুকুর, পার্ক সার্কাস, লেনিন সরণি, বড়বাজার, বউবাজার, তালতলা, এসপ্ল্যানেড, বো বারাক, বি বি গাঙ্গুলি স্ট্রিট, শিয়ালদহ, টালিগঞ্জ, রাসবিহারী অ্যাভিনিউসহ শহরের বিভিন্ন অঞ্চলে রাস্তার বহু গর্ত মেরামত করা হয়েছে। ধর্মতলায় এক পার্লারে কর্মরত সুমনা মণ্ডলের কথায়, ‘অসমান ঢেউ খেলানো পথে খোপে খোপে জল দাঁড়িয়ে থাকছে। রাস্তাঘাটের অবস্থা এত খারাপ কোনোদিন ছিল না। এ বছর বর্ষার আগে তো কোনো কাজই হল না। এখন বৃষ্টির মধ্যে প্যাচওয়ার্ক করে কী লাভ!’  পুরসভার আধিকারিকদের একাংশের বক্তব্য, অন্যান্য বছর বর্ষার আগে সার্বিকভাবে শহরের রাস্তা সংস্কারের কাজ চলে। কিন্তু চলতি বছর নানা জটিলতায় সেটা করা যায়নি। টানা বৃষ্টিতে বহু জায়গায় রাস্তায় গর্ত তৈরি হয়েছে। অভিযোগ আসতে শুরু করেছে অহরহ। এই অবস্থায় জোড়াতাপ্পি দিয়ে গর্ত বুজিয়ে দেওয়া হচ্ছে। রাস্তা কোনোরকমে যাতায়াতের যোগ্য করে তোলা হচ্ছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)