এই সময়: অঙ্কে এখনও মহামেডানের ডুরান্ড কাপের শেষ আটে ওঠার সম্ভাবনা আছে। কিন্তু সেই অঙ্কটা কষা শুরু হবে, যদি আজ বুধবার রাতে গ্রুপ লিগের শেষ ম্যাচে মেহরাজউদ্দিনের টিম বড় ব্যবধানে হারাতে পারে ইন্ডিয়ান আর্মিকে।
প্রথম ম্যাচে বেনারস বাগপত এফসিকে ৪–০ হারানোর পরে দ্বিতীয় ম্যাচে দারুণ লড়ে কলকাতার টিম ২–৩ গোলে হেরে যায় ওডিশার সমলেশ্বরী এফসির কাছে। ইন্ডিয়ান আর্মি দুই ম্যাচেই জিতে ৬ পয়েন্ট পেয়েছে। ৩ ম্যাচে ৬ পয়েন্ট সমলেশ্বরীরও। মহামেডানের ২ ম্যাচে পয়েন্ট ৩।
বুধবার আর্মিকে বড় ব্যবধানে হারালে মহামেডানের গ্রুপ শীর্ষে উঠে শেষ আটে পৌঁছনোর সুযোগ থাকছে। মঙ্গলবার মহামেডান কোচ মেহরাজউদ্দিন বলেছেন, ‘আমাদের সামনে কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ আছে। তাই আমরা মরিয়া আর্মির বিরুদ্ধে জিততে।’
মহামেডান টিমের বেশ কয়েকজনের অল্পবিস্তর চোট রয়েছে। মেহরাজ অবশ্য তা নিয়ে বিশেষ চিন্তিত নন। বৃহস্পতিবার গ্রুপ লিগের সব ম্যাচ শেষ হলে তবেই কোয়ার্টার ফাইনালের সূচি তৈরি করবে ডুরান্ড কমিটি। এখনও পর্যন্ত নক আউট পর্বে পৌঁছেছে মোহনবাগান, স্পোর্টিং ক্লাব দিল্লি, মণিপুরের রায়েংদাই এফসি ও নর্থইস্ট ইউনাইটেড।