কাছের মানুষের পরিচয় দিয়ে প্রতারণার ঘটনা নতুন নয়। তারকাদের সঙ্গেও আকছার ঘটছে এই ধরনের ঘটনা। এ বার সেই তালিকায় টলিউড অভিনেতা জিতু কামাল। কখনও বন্ধু, কখনও আবার ম্যানেজার পরিচয় দিয়ে অনেকের কাছ থেকে তাঁর নাম করে টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ অভিনেতা জিতু কামালের। আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে অনুরাগীদের সতর্ক করলেন অভিনেতা।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ঘটনাটি তুলে ধরলেন জিতু। তিনি লিখেছেন, ‘যদি কেউ মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ফোনে আমার প্রতিনিধি সেজে আপনাদের সঙ্গে যোগাযোগ করে এবং আমার নামে টাকা, উপহার বা কোনও মূল্যবান জিনিস চায়, আমার নামে অশালীন কোনও প্রস্তাবও দেয়, দয়া করে তাদের পাত্তা দেবেন না। এই ধরনের অনুরোধে সাড়াও দেবেন না।’
একইসঙ্গে জিতু উল্লেখ করেছেন যদি কারও সঙ্গে ইতিমধ্যেই এমন কোনও ঘটনা ঘটে থাকে, তা হলে তাঁকে যেন বিষয়টা সরাসরি মেসেজ করে জানানো হয়। অভিনেতার দাবি, তাঁর ম্যানেজার বা বন্ধু সেজে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে কেউ কেউ। জিতুর কথায়, ‘আপনারা বিষয়টা আমায় সোশ্যাল মিডিয়ায় ট্যাগও করতে পারেন। অথবা এই পোস্টের কমেন্টেও উল্লেখ করতে পারেন।’
প্রথম দিকে বিষয়টা সে ভাবে বুঝতে পারেননি জিতু। তবে একের পর এক অভিযোগ আসায় জিতু বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন এবং শীঘ্রই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন।
নাম না করেই কিছু দিন আগে কলকাতার এক সুপরিচিত শিল্পী এবং একজন বিশিষ্ট অভিনেত্রীর পরিবারের থেকে এ ভাবেই পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন জিতু। সেই ব্যাপারেও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পোস্টে উল্লেখ করেছেন জিতু।
জিতু কামালের নাম করে ঠিক কী ধরণের প্রতারণা করা হচ্ছে?
উত্তর: কিছু ব্যক্তি নিজেদের জিতু কামালের বন্ধু বা ম্যানেজার পরিচয় দিয়ে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ফোনের মাধ্যমে টাকা, উপহার, মূল্যবান সামগ্রী এবং অশালীন প্রস্তাব পাঠাচ্ছে।
যদি কেউ এমন মেসেজ বা ফোন পান, তবে তাঁর কী করা উচিত?
উত্তর: অভিনেতা স্পষ্ট ভাবে জানিয়েছেন, এই ধরনের অনুরোধে একদম সাড়া দেবেন না। এবং প্রতারকদের কোনও গুরুত্বও দেবেন না।
ইতিমধ্যেই কেউ প্রতারিত হয়ে থাকলে তিনি কী ভাবে জিতু কামালের সঙ্গে যোগাযোগ করবেন?
উত্তর: প্রতারণার শিকার হলে অভিনেতাকে সরাসরি সোশ্যাল মিডিয়ায় মেসেজ করা যাবে, তাঁর পোস্টে ট্যাগ করা যাবে অথবা কমেন্ট সেকশনে ঘটনাটি জানানো যাবে।