• 'বন্ধুত্বের গল্প' বলতে আসছেন জিতু-শ্রাবন্তী! কবে মুক্তি পাচ্ছে 'এরাও মানুষ'?
    আজকাল | ১৩ আগস্ট ২০২৬
  • অবশেষে বড়পর্দায় মুক্তি পেতে চলেছে 'এরাও মানুষ'। বুধবার, ১২ আগস্ট প্রকাশ্যে আনা হল ছবির পোস্টার এবং মুক্তির দিন।

    'এরাও মানুষ' ছবিতে দেখা যাবে প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। এদিন ছবির যে পোস্টার প্রকাশ্যে আনা হয়েছে সেখানে রাহুলকে একটি লাল রঙের চেয়ারে বসে থাকতে দেখা যাচ্ছে। তাঁকে দেখেই বিত্তশালী ব্যক্তি বলেই মনে হচ্ছে। অন্যদিকে শ্রাবন্তী চট্টোপাধ্যায় থাকবেন ডাক্তারের চরিত্রে। তাঁকে ইনজেকশন হাতে দেখা গেল পোস্টারে। অন্যদিকে জিতু কামাল পোস্টারে একেবারে ছাপোষা লুকে ধরা দিলেন। 'এরাও মানুষ' ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন সত্যম ভট্টাচার্য, বিশ্বনাথ বসু, চন্দন সেন, শান্তিলাল মুখার্জিও।

    সাই প্রকাশ লাহিড়ি এবং অমিত তালুকদার পরিচালিত এই ছবিটির পোস্টার যে কেবল এদিন মুক্তি পেল সেটাই নয়, প্রকাশ্যে আনা হয়েছে ছবির মুক্তির দিনও। আগামী ১৮ সেপ্টেম্বর বড়পর্দায় আসছে 'এরাও মানুষ'। ছবিটির প্রযোজনা করেছেন বিপাশা লাহিড়ি, সাই প্রকাশ লাহিড়ি এবং বলসাই লাহিড়ি। সঙ্গীত পরিচালনা করেছেন বলসাই লাহিড়ি।

    প্রসঙ্গত এদিন ছবির পোস্টার মুক্তির অনুষ্ঠানে ছবির কলাকুশলীরা প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে দু' মিনিট নীরবতা পালন করেন।

    এদিন ছবির পোস্টার প্রকাশ্যে এনে লেখা হয়, 'এক বন্ধুত্বের গল্প। যে বন্ধুত্বের মাঝে এসে দাঁড়ায় জীবনের নানা প্রতিকূলতা ও সামাজিক অবক্ষয়। এই ছবি দর্শকদের দাঁড় করাবে মনুষ্যত্বের আয়নার মুখোমুখি। উত্তর দেবেন আপনারা।'

    এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, অতীতে এই ছবি নিয়ে জিতু কামাল এবং পরিচালক, প্রযোজকদের মধ্যে কিছু সমস্যা তৈরি হয়। অভিনেতা ছবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তবে কিছু দিনের মধ্যেই তাঁরা সেই জটিলতা মিটিয়ে নেন। অবশেষে সমস্ত বিতর্ককে পিছনে ফেলে মুক্তি পেতে চলেছে 'এরাও মানুষ'।
  • Link to this news (আজকাল)