• সাগরে ফের নিম্নচাপ, আজ-কাল ভারী বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে
    এই সময় | ১৩ আগস্ট ২০২৬
  • এই সময়: দুপুরেও বোঝা যায়নি ঘণ্টা খানেকের মধ্যেই ছবিটা বদলে যাবে। একটু বেলা পড়তেই কলকাতা–সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অতি দ্রুত বদলে গেল ছবিটা। বুধবার সন্ধেয় দক্ষিণবঙ্গের আকাশে যেটা মাটি থেকে শুধুই ‘কালো মেঘ’ বলে মনে হচ্ছিল, উপগ্রহের চোখে সেটা অন্তত ১৮ কিলোমিটার উঁচু বজ্রগর্ভ মেঘের বিশাল স্তম্ভ। আবহাওয়া বিজ্ঞানের পরিভাষায় এই মেঘের নাম ‘কিউমুলোনিম্বাস’। আবহবিদদের হিসেব, বজ্রগর্ভ মেঘের ওই স্তম্ভের চূড়ার তাপমাত্রা মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াসেরও নীচে নেমে গিয়েছিল।

    দক্ষিণবঙ্গের আকাশে দুর্যোগের বার্তা বয়ে আনা ওই মেঘের স্তম্ভের নেপথ্য কারিগর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন একটি নিম্নচাপ। এর প্রভাবেই বুধবার দুপুরের পর থেকে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে দফায় দফায় প্রবল বৃষ্টি হয়েছে। আজ, বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। আগামিকাল, শুক্রবারও দক্ষিণবঙ্গে জারি থাকবে ভারী বৃষ্টির কমলা সতর্কতা। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও এই নতুন নিম্নচাপটির কোনও প্রভাব উত্তরে পড়বে না বলে আপাতত মনে করছেন আবহবিদরা। দক্ষিণের জেলাগুলিতে মোটের উপরে ধারাবাহিক ভাবে বৃষ্টি হলেও আপাতত উত্তরবঙ্গের বেশির ভাগ জায়গায় ভ্যাপসা গরম রয়েছে। বৃষ্টির দেখা নেই অধিকাংশ জায়গাতেই।

    মৌসম ভবন জানিয়েছে, বুধবার ভোর সাড়ে ৫টা নাগাদ উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলের কাছে তৈরি নিম্নচাপটি এ দিন দুপুর পর্যন্ত একই এলাকায় অবস্থান করেছে। বুধবার সন্ধে নাগাদ ওই নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়। আজ রাতের মধ্যে ওই সুস্পষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিকে এগোবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপকূল ওই গভীর নিম্নচাপের গতিপথেই পড়তে চলেছে। এরই প্রভাবে কলকাতা–সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী দু’দিন ভারী (৭–১১ সেন্টিমিটার) থেকে অতি ভারী (৭–২০ সেমি) বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কোনও কোনও জায়গায় চরম ভারী বৃষ্টি অর্থাৎ ২০ সেন্টিমিটারের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ১৪ অগস্টও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে।

    বুধবার সন্ধেয় দক্ষিণবঙ্গের উপরে তৈরি হওয়া ওই কিউমুলোনিম্বাসের স্তম্ভ প্রসঙ্গে পুনের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মিটিওরোলজি (আইআইটিএম)–এর গবেষকরা জানাচ্ছেন, কিউমুলোনিম্বাসের স্তর সাধারণত ১২–১৪ কিমি পর্যন্ত উঁচু হয়। কিন্তু, ১৮ কিমি উঁচু স্তর বেশ অস্বাভাবিক এবং চিন্তার।

    হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় আগামী ২৪ ঘণ্টা আকাশ মূলত মেঘলা থাকবে। দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে শহরে বজ্রপাতের আশঙ্কাও থাকবে পুরোমাত্রায়। বৃহস্পতি ও শুক্রবার সন্ধ্যার পর থেকে রাত কিংবা ভোরের দিকে বৃষ্টির তীব্রতা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের তীব্রতার হার কোনও কোনও সময়ে ঘণ্টায় ২-৩ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে।

    পূর্বাভাস, আজ বৃহস্পতিবার কলকাতা–সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি এবং কোথাও ভারী বৃষ্টি হতে চলেছে। বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে চরম ভারী (২০ সেমি–র বেশি) বৃষ্টির আশঙ্কা রয়েছে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলিতেও বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিচ্ছিন্ন ভাবে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার আশঙ্কাও রয়েছে।

    আগামিকালও দুর্যোগ কাটার সম্ভাবনা কম। এ দিন পুরুলিয়ার বিভিন্ন জায়গায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বিচ্ছিন্ন ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। কলকাতা–সহ অন্য জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১৫ অগস্ট বৃষ্টির দাপট কিছুটা কমার সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে।

  • Link to this news (এই সময়)