এই সময়: জরুরি প্রশ্ন। বেসরকারি হাসপাতালের অতিরিক্ত বিল, চিকিৎসায় গাফিলতি বা অন্য কোনও অভিযোগ থাকলে কোথায় নালিশ জানাবেন? প্রশ্নের উত্তর এ বার দিতে হবে সেই হাসপাতালকেই। অর্থাৎ, কোথায় অভিযোগ জানাতে হবে, সেটা রোগী বা রোগীর পরিজনকে হাসপাতালই জানাবে। হাসপাতালের প্রবেশপথে সহজে দৃশ্যমান হয়, এমন জায়গায় অভিযোগ জানানোর সবিস্তার তথ্য-সহ পোস্টার দেওয়া বা ব্যানার টাঙানোর নির্দেশ দিল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন।
রাজ্যের স্বাস্থ্য কমিশনের আদেশনামায় বলা হয়েছে, কমলা রঙের ব্যাকগ্রাউন্ড বা পটভূমিকায় তৈরি ব্যানার বা হোর্ডিং কিংবা পোস্টারে বাংলা ও ইংরেজি— দুই ভাষাতেই অভিযোগ জানানোর ঠিকানা, ফোন নম্বর, ইমেল আইডি–সহ এই সংক্রান্ত যাবতীয় তথ্য স্পষ্ট ভাবে লিখতে হবে।
এই নির্দেশ পাওয়ার পরে দ্রুত ব্যানার বা পোস্টার টাঙিয়ে তার ছবি প্রমাণ হিসেবে কমিশনে বেসরকারি হাসপাতালগুলিকে পাঠাতেও হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ জানানোর ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বর (১৮৬০–৩৪৫–৩৫১২), ইমেল আইডি (wbcerc@wb.gov.in) এবং ওয়েবসাইটের (www.wbcerc.gov.in) কথা ব্যানার বা পোস্টার কিংবা হোর্ডিংয়ে লিখতে হবে।
ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, ‘কমিশনের প্রাথমিক লক্ষ্য, সাধারণ মানুষের কাছে আরও বেশি করে পৌঁছনো। এ ক্ষেত্রে প্রয়োজনে পোস্টার দেওয়া হবে। পোস্টারে উল্লেখ করা থাকবে, বেসরকারি হাসপাতাল-নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ জানানোর একটা জায়গা রয়েছে।’
কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ছোট ও মাঝারি নার্সিংহোমগুলির সংগঠন অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোম। তবে সংগঠনের সম্পাদক রাজীব পান্ডের বক্তব্য, রোগীর হয়রানি কমানো ও সমস্যার সুরাহা করার পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তাও সরকারকে নিশ্চিত করতে হবে।