• একমঞ্চে গাইবেন রূপঙ্কর-শোভন, প্রস্তাব পেয়ে এই সময় অনলাইনকে ধন্যবাদ ‘গানওয়ালা’র
    এই সময় | ১৩ আগস্ট ২০২৬
  • রবীন্দ্রসঙ্গীত গাওয়ার সেই ভাইরাল ভিডিয়োই তাঁর রুজিরুটি কেড়েছিল। অন্তত নিরাপত্তারক্ষীর চাকরি হারিয়ে ‘গানওয়ালা’ শোভন চক্রবর্তী এমনই দাবি করেছিলেন। এই সময় অনলাইনে প্রথম সেই খবর প্রকাশিত হয়। যদিও ওই সংস্থার (শোভন যে সংস্থায় কাজ করতেন) বিভিন্ন স্তরের কর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও স্পষ্ট করে কোনও উত্তর মেলেনি। এই খবরের জেরেই এ বার সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচীর সঙ্গে এক মঞ্চে গান গাওয়ার সুযোগ পেলেন শোভন। সব কিছু ঠিক থাকলে অক্টোবর মাসে কলামন্দিরে সেই অনুষ্ঠান হবে। উদ্যোক্তারা সমাজমাধ্যমে জানিয়েছেন, অনুষ্ঠান আয়োজনের খরচ বাদ দিয়ে মুনাফার অর্থ শোভনের হাতে তুলে দেওয়া হবে।

    এই অনুষ্ঠানের প্রস্তাব তাঁর কাছে আসার পরেই এই সময় অনলাইনকে ধন্যবাদ জানিয়েছেন শোভন। তিনি বলেন, ‘আপনাদের অনেক ধন্যবাদ। অনেকে আমায় ফোন করেছেন। পাশে থাকার বার্তা দিয়েছেন। নানা জায়গা থেকে আমন্ত্রণ করা হচ্ছে আমায়। এক জায়গায় আমায় সংবর্ধনাও দেবে বলেছে। আবার সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচীর সঙ্গে এক মঞ্চে গাওয়ার সুযোগও এসেছে। আমায় একটি কার্ডও দেওয়া হয়েছে। খুবই ভালো লাগছে।’

    রূপঙ্করের সঙ্গেও যোগাযোগ করেছিল এই সময় অনলাইন। রূপঙ্কর বলেন, ‘আমার কাছে এই প্রস্তাব এসেছে। আমি রাজি হয়েছি। অক্টোবর নাগাদ অনুষ্ঠান হওয়ার কথা। তবে এখনও দিনক্ষণ স্থির হয়নি।’ রূপঙ্কর জানান, শোভনের সঙ্গে তিনি এখনও নিজে কথা বলে উঠতে পারেননি। তবে তিনি শীঘ্রই তাঁর সঙ্গে কথা বলবেন।

    গত ১০ অগস্ট, সোমবার এই সময় অনলাইনে ‘রুজিরুটি কাড়ল রবীন্দ্রনাথের গান! ভিডিয়ো ভাইরাল হতেই চাকরি হারালেন ‘গানওয়ালা’ শোভন’ — শীর্ষক শিরোনামে খবরটি প্রকাশিত হয়। শোভনই জানিয়েছিলেন, গানের ভিডিয়ো ভাইরাল হওয়ার পরেই তাঁর চাকরি চলে গিয়েছিল। তাঁর কথায়, ‘দিন পনেরো আগে সিকিউরিটি গার্ডের চাকরিটাও হারালাম। আমার গান গাওয়ার ভিডিয়োটা ভাইরাল হয়ে গিয়েছিল বলেই এটা ঘটেছে। সেক্টর ফাইভের একটা অফিসে চাকরিটা করতাম। ভিডিয়ো ভাইরাল হওয়ার পরে আমায় ডেকেছিল, আমার দ্বারা নাকি এই চাকরি হবে না! গান গাইতে গাইতে নাকি এই চাকরি হয় না! তাই আমি যেন শুধু গানই গাই।’

    যদিও শোভন যে বেসরকারি নিরাপত্তা সংস্থায় চাকরি করতেন, সেই সংস্থার তরফে এই অভিযোগের সত্যতা স্বীকার করা হয়নি। আবার অস্বীকারও করা হয়নি। যাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তাঁরা কেউ এ বিষয়ে কিছু বলতে চাননি। অন্য একটি সংবাদমাধ্যমে ওই সংস্থার ‘এইচআর’ বিষয়টি ‘মিথ্যা’ বলেই দাবি করেছেন।

    শোভন জানান, খবরটি প্রকাশিত হওয়ার পরে অনেক শুভানুধ্যায়ী তাঁকে ফোন করেছেন। খোঁজখবর নিয়েছেন। তাঁদের মধ্যে প্রশান্ত সরকার নামে এক ব্যক্তি ফোন করে রূপঙ্করের সঙ্গে একই মঞ্চে গান গাওয়ার প্রস্তাব দেন। এই অনুষ্ঠানের কথা বলে বুধবার রাতে প্রশান্তও জানিয়েছেন সমাজমাধ্যমে। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘সম্প্রতি নিরাপত্তারক্ষীর পোশাকে তাঁর (শোভনের) গাওয়া রবীন্দ্রসঙ্গীতের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। মানুষ নতুন করে চিনতে শুরু করেন তাঁর অসাধারণ কণ্ঠকে। কিন্তু অত্যন্ত দুঃখজনক ভাবে, গান গাওয়ার কারণেই তাঁকে সেই চাকরি হারাতে হয়েছে। খবরটি জানার পরে Bengal Web Solution এবং Metro Pharma মনে করেছে— শুধু তাঁর গল্পটি শেয়ার করলেই যথেষ্ট নয়, এ বার তাঁর পাশে দাঁড়ানো দরকার।’

    প্রশান্ত জানান, তিনিই উদ্যোগী হয়ে রূপঙ্করের সঙ্গে যোগাযোগ করেন। সঙ্গীতশিল্পীও সবটা শুনে পাশে থাকার বার্তা দেন। ফেসবুকে প্রশান্ত লিখেছেন, ‘আমি রূপঙ্কর বাগচীর সঙ্গে কথা বলি। সবটা শুনেই তিনি এক মুহূর্ত দেরি না করে এই উদ্যোগের পাশে থাকার এবং একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেওয়ার সম্মতি দিয়েছেন। তাঁর এই আন্তরিকতাকে কুর্নিশ।’

  • Link to this news (এই সময়)