• আগামী শিক্ষাবর্ষেই প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে শ্যামাপ্রসাদ
    দৈনিক স্টেটসম্যান | ১৩ আগস্ট ২০২৬
  • শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বছরভর নানা কর্মসূচির পরিকল্পনা করেছে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে শ্যামাপ্রসাদকে ঘিরে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য একটি বিশেষ উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সেই কমিটির প্রথম বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী-সহ একাধিক মন্ত্রী, বিধায়ক, শীর্ষ আমলা ও আধিকারিকরা।

    বৈঠক শেষে নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন পর্যায়ের পাঠ্যক্রমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, তাঁর আত্মবলিদান এবং দেশের জন্য তাঁর অবদান অন্তর্ভুক্ত করা হবে। স্বাধীন ভারতের প্রথম শিল্প ও শিক্ষামন্ত্রী হিসেবে তাঁর অর্থনৈতিক ভাবনা, গঠনমূলক চিন্তাধারা ও দৃষ্টিভঙ্গিও পাঠ্যসূচিতে তুলে ধরা হবে। এজন্য পৃথক বই প্রকাশের পরিকল্পনাও রয়েছে।

    মুখ্যমন্ত্রী জানান, শ্যামাপ্রসাদ যে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের উদ্যোগে প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের প্রচেষ্টায় ইতিমধ্যেই একটি বইয়ের পাণ্ডুলিপি প্রস্তুত হয়েছে। সরকারি উদ্যোগে সেই বই যৌথভাবে প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরকে বাংলা ও ইংরেজি ভাষায় শ্যামাপ্রসাদের পূর্ণাঙ্গ জীবনী প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, চলতি বছরের মধ্যেই সেই কাজ শেষ হবে।

    বছরভর উদযাপনের অন্যতম বড় প্রকল্প নিউ টাউনের ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উঁচু দণ্ডায়মান মূর্তি ও সংগ্রহশালা নির্মাণ। প্রকল্পের জন্য জমি নির্বাচন ও ভূমিপুজো ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। হিডকোর তরফে মূর্তি, মিউজিয়াম ও আনুষঙ্গিক পরিকাঠামোর নকশা ও রূপরেখা কমিটির সামনে তুলে ধরা হয়। আগামী ৬ জুলাই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের লক্ষ্যে নির্মাণকাজ দ্রুত শুরু করার অনুমতি দেওয়া হয়েছে।

    শ্যামাপ্রসাদের অবদান নিয়ে সাধারণ মানুষ, গবেষক, ইতিহাসবিদ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মতামতও নেওয়া হবে। এ জন্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে একটি বিশেষ ডিজিটাল পোর্টাল চালু করার সিদ্ধান্ত হয়েছে। ১৫ থেকে ৩০ দিনের মধ্যে সেখানে যে কেউ নিজেদের প্রস্তাব ও পরামর্শ জানাতে পারবেন।

    মুখ্যমন্ত্রীর দাবি, স্বাধীনতা আন্দোলন, পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা, কাশ্মীর নীতি এবং স্বাধীন ভারতের পরিকাঠামো গঠনে শ্যামাপ্রসাদের ভূমিকা নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এই উদ্যোগের লক্ষ্য। একই সঙ্গে ২০৪৭ সালের বিকশিত ভারত ও এক ভারত শ্রেষ্ঠ ভারত-এর ভাবনাকে সামনে রেখে তাঁর রাষ্ট্রবাদী দর্শন ও দেশপ্রেমকে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

    হুগলির জিরাটে শ্যামাপ্রসাদের পৈতৃক ভিটেতেও একাধিক প্রকল্প নেওয়া হয়েছে। রাজ্য সরকারের কেনা ৩০ ডেসিমেল জমিতে তৈরি হবে আধুনিক প্রযুক্তিসম্পন্ন স্যার আশুতোষ মুখোপাধ্যায় নামাঙ্কিত একটি গ্রন্থাগার এবং একটি সংগ্রহশালা। পাশাপাশি ভিটে সংস্কারের কাজও এগিয়ে নিয়ে যাওয়া হবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)