দিঘায় ভেসে এল রহস্যময় বস্তু! পর্যটকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য
প্রতিদিন | ১৩ আগস্ট ২০২৬
নিচের দিকটি মোটা। উপরের দিকে বেরিয়ে লোহার লম্বা লম্বা রড। সমুদ্রসৈকতে উজ্জ্বল লাল রঙের রহস্যময় বিরাটাকার বস্তু দেখে হইচই দিঘায় (Digha)। কোথা থেকে এই বস্তুটি ভেসে এল, তা খতিয়ে দেখা হচ্ছে।
গত ১২ আগস্ট রাতে সমুদ্রে যাচ্ছিলেন মৎস্যজীবীরা। মোহনা এলাকায় এই রহস্যময় বস্তুটিকে দেখতে পাওয়া যায়। ওই বস্তুটি সিগন্যালিং বয়া। ট্রলার এবং জাহাজকে নিরাপদ নৌপথ সম্পর্কিত সংকেত দেওয়ার কাজ করে এই বয়া। সমুদ্রপথে কোথায় চর, কোথায় অগভীর জল কিংবা কোথায় গভীরতা অনেক বেশি সে সংকেতও দেয় বয়া। আসলে সাধারণ পর্যটকরা সিগন্যালিং বয়া চেনেন না। সে কারণে হইচই শুরু হয়ে যায়। সেটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকদের একাংশ। কেউ কেউ আবার রহস্যময় বস্তু দেখতে ভিড় জমান। স্থানীয় বাসিন্দাদের অনেকেও সামুদ্রিক বয়াটি দেখতে দিঘায় ছুটে আসেন। অনেকে ছবি, ভিডিও করে সোশাল মিডিয়ায় পোস্টও করেন। পরে অবশ্য পুলিশের তরফে আশ্বস্ত করা হয় পর্যটকদের।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সমুদ্রের ঢেউ, জোয়ার ভাটা বা স্রোতের টানে বয়াটি নির্দিষ্ট অবস্থান থেকে সরে গিয়েছে। দিঘা মোহনায় চলে এসেছে বয়াটি। সেক্ষেত্রে বয়াটি যদি নির্ধারিত অবস্থানে না থাকে তবে নৌপথে সংকেত দিতে সমস্যা হতে পারে। তার ফলে সমস্যায় পড়তে পারে কোনও ট্রলার। সে কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে বয়াটিকে দ্রুত তার নির্ধারিত অবস্থানে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে মনে করা হচ্ছে।