অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য সরকার। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে অপমানজনক মন্তব্য করার অভিযোগ রয়েছে অনন্ত মহারাজের বিরুদ্ধে। অনন্ত মহারাজ বিজেপির রাজ্য সভার সদস্য। তৃণমূল আমলে বঙ্গ বিভূষণ সম্মান পেয়েছিলেন অনন্ত মহারাজ। ২০২৬ সালের ২১ ফেব্রুয়ারি, নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজকে বঙ্গ বিভূষণ সম্মান দিয়েছিল তৃণমূল সরকার।
গ্রেটার কোচবিহার আন্দোলনের নেতা অনন্ত মহারাজ। সম্প্রতি নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন তিনি। নেতাজির তৈরি আজাদ হিন্দ ফৌজকে নিয়েও মন্তব্য করেছিলেন তিনি। তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় অনন্ত মহারাজের অনুরাগীদের একাংশ নানা অপমানজনক মন্তব্য ও মিম পোস্ট করতে থাকেন। নেতাজিকে নিয়ে নানা কটূক্তিও করা হয়। তা নিয়ে ক্ষোভ জানিয়েছিলেন বিজেপিরই একাংশ।
বুধবার খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলন করে কড়া বার্তা দেন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কোনও অপমানজনক বা কটূ মন্তব্য করলে কাওকে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। অভিযুক্ত যদি জনপ্রতিনিধিও হন, তাহলেও নিস্তার নেই বলে জানান মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নেওয়া হলো। প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাজ্যের প্রতি অবদানের জন্য ওই সম্মান তাঁকে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরে বেশ কিছু কারণে সবকিছু পর্যালোচনা করে দেখা গিয়েছে, অনন্ত মহারাজের কাছে বঙ্গ বিভূষণ থাকা ওই সম্মানের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সেই কারণেই ফিরিয়ে নেওয়া হলো পুরস্কার। এখন থেকে অনন্ত মহারাজ আর নিজেকে বঙ্গ বিভূষণ প্রাপক বলে জানাতে পারবে না বলেও স্পষ্ট করেছে রাজ্য।