উত্তরাখণ্ডের চামোলিতে ফের টানেলে ধস। বৃহস্পতিবার তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (THDC)-এর একটি প্রকল্পের টানেলে ধস নামে। টানেলের মধ্যে জল ঢুকে গিয়েছে বলে সূত্রের খবর। অন্তত ১৫ জন শ্রমিক আটকে পড়েছিলেন ওই টানেলে। দ্রুত উদ্ধারকাজ শুরু হয়, এখনও পর্যন্ত ১০ জনকে উদ্ধার করা গিয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রের খবর।
চামোলির পিপলকোটিতে THDC-র ওই প্রকল্প রয়েছে। ঘটনার সময়ে ঠিক কতজন শ্রমিক ওই টানেলে কাজ করছিলেন, কতজন আটকে রয়েছেন সেটা এখনও স্পষ্ট নয়।
কিছু সংবাদমাধ্যম সূত্রের খবর, ১৮-২০ জন শ্রমিক কাজ করছিলেন ওই টানেলে। সেই সময়ে ধস নামে। আচমকা জল ঢুকে যায় টানেলে। জলের তোড়ে একাধিক শ্রমিক ভেসে চলে যান টানেলের শেষ প্রান্তে।
স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, ১৪-১৫ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। চামোলির পুলিশ প্রধান সুরজিৎ সিং পাওয়ার জানিয়েছেন, অ্যাম্বুল্যান্স এবং পুলিশ টিম ঘটনাস্থলে রয়েছে। জেলাশাসক গৌরব কুমার জানিয়েছেন, একটি জলবিদ্যুৎ প্রকল্পের কাজের জন্য এই টানেল তৈরি হচ্ছিল। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ সেখানে ধস নামে।
যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাতে বলেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। উদ্ধারকাজের বিস্তারিত তথ্য নিচ্ছেন তিনি। NDRF এবং সংশ্লিষ্ট রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে।