রেলের পরীক্ষা দিতে যাওয়ার সময়ে পণ্যবাহী গাড়ির ধাক্কায় মৃত্যু পরীক্ষার্থীর। বৃহস্পতিবার ভোরে বাগনান থানার মানকুর বাগনান রোডের পাতিনানে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। মৃতের নাম আব্দুল আকিব (৩১)। সাবসিটের সত্যপীরতলা এলাকার বাসিন্দা ছিলেন তিনি। ভোরের আলো ফোটার আগেই অটোয় চেপে বাগনানের দিকে যাচ্ছিলেন আকিব। গন্তব্য ছিল সল্টলেক সেক্টর ফাইভ। বাগনান স্টেশনে পৌঁছনোর আগেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।
রেলের পরীক্ষা ছিল। আকিবের পরীক্ষার সিট পড়েছিল সল্টলেক সেক্টর ফাইভের টিসিএস গীতবিতানে। সকাল সাড়ে ৭টায় ছিল রিপোর্টিং টাইম। যে হেতু এতটা দূর থেকে যাবেন, তাই রাত থাকতেই বাড়ি থেকে বেরিয়ে পড়েন। সাড়ে তিনটে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে একটি অটোয় চেপে বাগানের দিকে রওনা দেন। পাতিনান এলাকায় আচমকাই একটি বড় পণ্যবাহী গাড়ির সঙ্গে ওই অটোর ধাক্কা লাগে। তাতেই এই ঘটনা ঘটে।
পাতিনান এলাকায় আচমকাই একটি বড় পণ্যবাহী গাড়ির সঙ্গে অটোর ধাক্কা লাগে। পুলিশ সূত্রে খবর, আকিব অটোর ডানদিকে বসেছিলেন। গাড়িটি ধাক্কা মারতেই ছিটকে পড়েন রাস্তায়। আশঙ্কাজনক অবস্থায় বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় অটোয় থাকা এক মহিলা যাত্রী আহত হয়েছেন। বাগনান থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে পাঠিয়েছে।
বিজ্ঞানে স্নাতক হওয়ার পরে টিউশন পড়াতে শুরু করেন আকিব। পাশাপাশি বাড়িতে সম্প্রতি একটি আইসক্রিমের দোকানও করেছিলেন। তাঁর এক ভাই আছে। বাগনানে মোবাইলের দোকানে কাজ শিখছেন। ঘরে এক বোনও রয়েছে আকিবের। সংসারে একমাত্র উপার্জনকারী তিনিই ছিলেন। প্রাইভেট টিউশনের পাশাপাশি সরকারি চাকরির পরীক্ষার জন্য খুবই চেষ্টা করছিলেন। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েন বাড়ির লোকেরা।
আগেও অটোর ডানদিকে বসা যাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছিল, তাও ফের ডানদিকে যাত্রী বসানো শুরু হয়েছে বলে অভিযোগ। এলাকার লোকজন জানান, এর আগেও একবার অটোর ডানদিকে বসা এক যাত্রী এ ভাবে রাস্তায় পড়ে গিয়ে মারা যান। এ নিয়ে অশান্তি হয় এলাকায়। মাঝে কিছুদিন ডান দিকে যাত্রী বসানো বন্ধও ছিল। আবারও একই ঘটনা। পুলিশ এ বার কঠোর ব্যবস্থা নিক, দাবি স্থানীয় বাসিন্দাদের।
দুর্ঘটনাটি কোথায় ও কবে ঘটেছে?
বৃহস্পতিবার ভোরে বাগনান থানার মানকুর বাগনান রোডের পাতিনান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মৃতের কী পরিচয়?
তাঁর নাম আব্দুল আকিব, বয়স ৩১, সাবসিটের সত্যপীরতলা এলাকার বাসিন্দা।
তিনি কোথায় যাচ্ছিলেন?
সল্টলেক সেক্টর ফাইভের টিসিএস গীতবিতানে একটি সরকারি চাকরির পরীক্ষা দিতে যাচ্ছিলেন তিনি।
দুর্ঘটনাটি কী ভাবে ঘটেছিল?
অটোর ডানদিকে বসা অবস্থায় একটি বড় পণ্যবাহী গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন তিনি।
দুর্ঘটনায় আর কেউ আহত হয়েছেন কি?
হ্যাঁ, অটোয় থাকা এক মহিলা যাত্রীও আহত হয়েছেন।
মৃতদেহ এখন কোথায় পাঠানো হয়েছে?
ময়নাতদন্তের জন্য দেহ উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।