আইআইটিতে ফের ছাত্রের রহস্যজনক মৃত্যু, কারণ জানতে শুরু তদন্ত
দৈনিক স্টেটসম্যান | ১৪ আগস্ট ২০২৬
খড়্গপুর আইআইটি (IIT Kharagpur)-তে ফের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মৃত ছাত্রের নাম অঙ্কিত শর্মা (১৯)। সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেল ৩টে ৪০ মিনিট নাগাদ আইআইটির নালন্দা কমপ্লেক্সের চারতলার বারান্দা থেকে অঙ্কিত নিচে পড়ে যান। নিরাপত্তারক্ষীরা দেখতে পেয়ে আশঙ্কাজনক অবস্থায় অঙ্কিতকে আইআইটির ডা: বিসি রায় টেকনোলজি হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
জানা গিয়েছে, অঙ্কিতের বাড়ি রাজস্থানের নাগৌরে। গত বছরই তিনি খড়্গপুর আইআইটি (IIT Kharagpur)-তে এসেছিলেন। অঙ্কিত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি গোখলে ছাত্রাবাসে থাকতেন। এদিন খবর পেয়ে খড়্গপুর টাউন থানার হিজলি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।
তবে গোটা ঘটনাটি কীভাবে ঘটল সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। অসাবধানতাবশত নাকি অন্য কোনও কারণে অঙ্কিত নীচে পড়ে যান, তা পুলিশ খতিয়ে দেখছে। অঙ্কিতের রহস্যময় মৃত্যুর ঘটনায় আইআইটি কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
উল্লেখ্য, কিছুদিন আগে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) ক্যাম্পাস চত্বরের ভিতরে একটি কোয়ার্টার থেকে এক তরুণী সহকারী অধ্যাপকের দেহ ঝুলন্ত অব স্থায় উদ্ধার হয়। মৃত ওই অধ্যাপকের নাম ছিল ডঃ দীপক রেড্ডি পুল্লাগুরাম (৩৬)। তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, সেখানকার নিরাপত্তারক্ষীরা কোয়ার্টারের ভেতরে দীপককে ওই অবস্থায় দেখে দ্রুত খবর দেন স্থানীয় পুলিশে।
খবর পেয়েই খড়্গপুর টাউন থানার অধীনস্থ হিজলি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তাঁরা ঘরের দরজা খুলে ঝুলন্ত অবস্থায় দেহটি উদ্ধার করেন। তড়িঘড়ি তাঁকে আইআইটি ক্যাম্পাসের ভেতরে থাকা বিসি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। অধ্যাপক দীপক রেড্ডি মূলত হায়দরাবাদের বাসিন্দা ছিলেন। কর্মসূত্রে তিনি আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) ক্যাম্পাসেরই ‘২ বিআর-১৪’ নম্বর কোয়ার্টারে থাকতেন। চলতি বছরে আইআইটি খড়্গপুর থেকে বেশ কয়েকজন পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর খবর সামনে এসেছে। এর মধ্যে ফের অঙ্কিত শর্মার মৃত্যুর খবর সামনে এল। যা নিয়ে ফের ক্যাম্পাস চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে।