কোচবিহারে ম্যালেরিয়ায় আক্রান্ত ৬৩, জেলাজুড়ে বাড়ছে তুমুল আতঙ্ক
দৈনিক স্টেটসম্যান | ১৪ আগস্ট ২০২৬
কোচবিহারে ঘরে ঘরে এখন ম্যালেরিয়া দেখা দিয়েছে। জেলাজুড়ে থাবা বসিয়েছে ম্যালেরিয়া। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। হু হু করে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে খবর। এই ঘটনায় একদিকে যেমন উদ্বেগ বাড়ছে তেমন বেড়ে চলেছে মানুষজনের মধ্যে তুমুল আতঙ্ক। এই জেলায় গত সাত মাসে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ৬৩ ছাড়িয়ে গিয়েছে। যা গত বছরের পরিসংখ্যান থেকে অনেকটাই বেশি। শুধুমাত্র কোচবিহার-১ ব্লকেই আক্রান্তের সংখ্যা ১৫ জন। এখনও ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছেন অনেকে।
স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, গত ১ জানুয়ারি থেকে ৭ আগস্ট পর্যন্ত কোচবিহার-১ ব্লকে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। সেই সংখ্যা ১৫ জন। কোচবিহার-২ ব্লকে আক্রান্তের সংখ্যা ৬ জন। এরপর তুফানগঞ্জ-১ এবং তুফানগঞ্জ-২ ব্লকে আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৯ এবং ৭ জন। দিনহাটা-১ ব্লকে ৬ জন এবং দিনহাটা-২ ব্লকে আক্রান্ত হয়েছেন ১ জন। সিতাই এলাকায় ৩ জন আক্রান্ত হয়েছেন। মাথাভাঙা-১ ব্লকে ৪ জন, মাথাভাঙা-২ ব্লকে ৮ জন আক্রান্ত হয়েছেন এই ম্যালেরিয়ায়। এই পরিসংখ্যান প্রমাণ করছে, ম্যালেরিয়া জ্বরে কাঁপছে কোচবিহার।
এখানেই শেষ নয়, কোচবিহার জেলার শীতলকুচি ব্লকে ৩ জন এবং চ্যাংরাবান্ধায় ১ জন ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন। উত্তোরত্তর ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। এই ক’মাসে ম্যালেরিয়া ক্রমাগত জেলায় আতঙ্কের বাতাবরণ তৈরি করেছে। প্রত্যেকটি ব্লকেই ম্যালেরিয়ায় আক্রান্ত রোগী রয়েছেন। বাড়ি থেকে হাসপাতাল সর্বত্র ম্যালেরিয়ায় ভুগছেন সাধারণ মানুষ। মশাবাহিত এই রোগকে নিয়ে এখন ব্যতিব্যস্ত নাগরিকরা।
এখানে স্বস্তির খবর বলতে একটাই, গ্রামে আক্রান্তের সংখ্যা বাড়লেও কোচবিহার শহর সহ জেলার চারটি পুরসভা এলাকায় ম্যালেরিয়া আক্রান্তের এখনও তেমন খোঁজ পাওয়া যায়নি বলেই দাবি করেছে স্বাস্থ্যদপ্তর। কোচবিহার জেলায় পাঁচশোর বেশি উপস্বাস্থ্য কেন্দ্র আছে। যেখানে ম্যালেরিয়া নির্ণয়ের জন্য রক্ত পরীক্ষা করার ব্যবস্থা রাখা হয়েছে। ম্যালেরিয়া পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলেই সঙ্গে সঙ্গে ওই রোগীকে পাঠিয়ে দেওয়া হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, গ্রামীণ হাসপাতাল অথবা মহকুমা হাসপাতালে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ম্যালেরিয়া আক্রান্তদের স্থানান্তরিত করা হচ্ছে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে। এই পরিস্থিতিতে জেলা এবং ব্লক স্তরে সার্ভিলেন্স টিম নামানো হয়েছে বলে স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর। এখন দেখার এই পরিসংখ্যান কমে কিনা। তবে কেন এত ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বাড়ছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ম্যালেরিয়া কোচবিহারের মানুষজনকে রীতিমতো কাবু করে ফেলেছে।