• খড়্গপুর আইআইটিতে পড়ুয়ার রহস্যমৃত্যু, পাশের কমপ্লেক্সের নিচে উদ্ধার রক্তাক্ত দেহ!
    প্রতিদিন | ১৪ আগস্ট ২০২৬
  • ফের অস্বাভাবিক মৃত্যু খড়গপুর আইআইটিতে (IIT Kharagpur Student Death)। বৃহস্পতিবার বিকালে আইআইটি চত্বরে নালন্দা কমপ্লেক্সের নিচ থেকে এক পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হয়েছে। নাম অঙ্কিত শর্মা (২০)। মৃত পড়ুয়া মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। জানা গিয়েছে, এদিন ওই পড়ুয়া নালন্দা কমপ্লেক্সে পড়তে গিয়েছিল। তার কিছুক্ষণ পর কমপ্লেক্সের সামনে থেকে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।

    জানা গিয়েছে, ওই পড়ুয়া রাজস্থানের বাসিন্দা। আইআইটি চত্বরে গোখেল হলে থাকত সে। এদিন টিউশনে যাওয়ার কিছুক্ষণ পর তাঁর দেহ উদ্ধার হয় আইআইটি চত্বরের একটি কমপ্লেক্সের নিচ থেকে। ওই কমপ্লেক্সেই পড়তে যেত অঙ্কিত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় খড়্গপুর টাউন থানার হিজলি ফাঁড়ির পুলিশ। দুপুর ৩ টে নাগাদ ওই কমপ্লেক্সের নিচে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে দেখতে পান নিরাপত্তারক্ষীরা। তার দেহ উদ্ধার করে ডাঃ বিধানচন্দ্র রায় হাসপাতালে নিয়ে যান তারা। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

    চারতলা থেকে অসাবধানতায় নীচে পড়ে গিয়েছে ওই পড়ুয়া না কি আত্মহত্যার চেষ্টায় মরণঝাঁপ, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে যান খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার। তিনি বলেন, “এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ঠিক কী ঘটেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।” এ ব্যাপারে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি আইআইটি কর্তৃপক্ষ।
  • Link to this news (প্রতিদিন)