‘ভাইয়ের গ্রেপ্তারির পর অপমানে বাবা দূরে চলে যান’, আইনে আস্থা রেখে বলছেন নির্মলকন্যা
প্রতিদিন | ১৪ আগস্ট ২০২৬
ঠিক দু’বছর আগের এক অতি স্পর্শকাতর মামলায় জড়িয়ে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। বৃহস্পতিবার সকালে তাঁকে ওড়িশার বালাসোর থেকে গ্রেপ্তার করা হয়েছে। মূল অভিযোগ, আর জি কর হাসপাতালে অভয়ার মৃত্যুর পর তাঁর দ্রুত দেহ সৎকারে চাপ দিয়েছিলেন তৎকালীন বিধায়ক। তখনকার মতো অভিযোগ থেকে রেহাই পেলেও পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেসে নতুন করে মামলা দায়ের হয়। তার ভিত্তিতেই তিনি গ্রেপ্তার হয়েছেন। জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই নির্মল ঘোষ রাজ্যছাড়া। আইনের পথে বাবা নির্দোষ প্রমাণিত হবেন, সেই আশা রেখে তাঁর বড় মেয়ে ছন্দা ঘোষ জানাচ্ছেন, ‘‘ভাইয়ের গ্রেপ্তারির পর থেকে বাবা অপমান, কষ্ট সহ্য করতে না পেরে বাইরে চলে গিয়েছিলেন। আমাদের সঙ্গে সমস্ত যোগাযোগ ছিন্ন করে দেন। তবে আইনের উপর আস্থা আছে।”
গত মাসে ভোট পরবর্তী হিংসা ও লটারি দুর্নীতির জেরে গ্রেপ্তার হন ছাব্বিশের বিধানসভায় পানিহাটির তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ। তাঁকে আদালতে পেশ করার সময় স্থানীয় মানুষজন ডিম-হামলা চালান তাঁর উপর। এসব ঘটনার পর ৮০ বছরের প্রাক্তন বিধায়ককে এলাকাবাসীর তোপের মুখে পড়তে হয়। নির্মলকেও অবিলম্বে গ্রেপ্তারির দাবি ওঠে। এরপর থেকেই নির্মল ঘোষ পলাতক ছিলেন। মাঝে একবার তাঁকে দেখা গিয়েছিল। তপসিয়ার একটি ক্লাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের বৈঠক চলাকালীন তিনি সেখানে যান। কিন্তু বৈঠকে ঢুকতে পারেননি। তারপর ফের তিনি উধাও হয়ে যান। বৃহস্পতিবার নির্মল ঘোষকে গ্রেপ্তার করে খড়দহ থানার পুলিশ।
এনিয়ে নির্মলের বড় মেয়ে ছন্দা ঘোষ জানান, ‘‘অনেকদিন ধরে বাবা বাইরে। আমাদের সঙ্গে কোনও যোগাযোগ ছিল না। আসলে ভাইয়ের গ্রেপ্তারির পর বাবাকে অনেক অপমানের মধ্যে পড়তে হয়েছিল। ছেলের প্রতি বাবার তো দুর্বলতা থাকে, কষ্টও পাচ্ছিলেন। তাই বাবা চলে যান। শুনলাম তাঁকে বালাসোরের কাছ থেকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা চাই, আইন আইনের পথে চলবে। বিচারব্যবস্থা আছে। বাবার বিরুদ্ধে যা যা অভিযোগ আছে, সেসব সম্পূর্ণ মিথ্যে। আশা করি, তা প্রমাণিত হবে।” ছন্দাদেবীর আরও অভিযোগ, ‘‘নতুন করে তদন্ত কী হবে জানি না, তবে মুখ্যমন্ত্রী এসে আসলে তদন্তের নামে আমার বাবাকেই গ্রেপ্তারির নির্দেশ দিয়েছিলেন। ৫৩ বছর ধরে রাজনীতি করা একজন ৮০ বছরের মানুষ রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হলেন।” পুলিশ সূত্রে খবর, শুক্রবার নির্মল ঘোষকে আদালতে পেশ করা হবে।