খেলার সময় ৪ ভাইঝিকে পরপর হাসুয়ার কোপ কাকার! মৃত্যু এক শিশুর, সুতিতে ব্যাপক চাঞ্চল্য
প্রতিদিন | ১৪ আগস্ট ২০২৬
যে বাড়িতে কিছুক্ষণ আগেও শিশুদের হাসি-খেলায় পরিবেশ মুখর ছিল, সেখানেই এখন কান্নার রোল। খেলার সময় আচমকা চার শিশুকন্যাকে হাসুয়া দিয়ে কোপানোর অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। হাসুয়ার কোপে রক্তাক্ত অবস্থায় মৃত্যু হয়েছে এক শিশুকন্যার। গুরুতর জখম অবস্থায় আরও তিন শিশু হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার বিকেলের ঘটনায় ব্যাপক চঞ্চলের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সুতি থানার রঘুনাথপুরে। জানা গিয়েছে, আক্রান্ত চার শিশুই অভিযুক্ত যুবকের সম্পর্কে ভাইঝি।
ঘটনার সময় দুজন বাড়ির বাইরে এবং দুজন বাড়ির ভিতরে খেলছিল। সেই সময় আচমকাই ওই যুবক হাতে হাসুয়া নিয়ে শিশুদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। কিছু বুঝে ওঠার আগেই পরপর কোপাতে থাকে শিশুদের। শিশুদের চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে আসেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ৪ জনকেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা এক শিশুকে মৃত বলে ঘোষণা করেন। বাকি তিন শিশুর আঘাত গুরুতর হওয়ায় তাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সুতি থানার পুলিশ। গোলাম সারওয়ার ওরফে বাদশাকে আটক করেছে পুলিশ। কেন আচমকাই সে শিশুদের ওপর হাসুয়া নিয়ে হামলা চালাল, সেই কারণ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের প্রাথমিক বক্তব্য, ধৃত যুবক মাঝেমধ্যে মানসিক সমস্যার ওষুধ খেতেন। তবে ঘটনার সময় তাঁর মানসিক পরিস্থিতি ঠিক কী ছিল, তা এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। এদিকে, পরিবারের ৪ শিশুর মধ্যে একজনের মর্মান্তিক মৃত্যু এবং বাকি তিনজনের আহত হওয়ার ঘটনায় শোকের ছায়া রঘুনাথপুরে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রতিবেশীরা।