ধর্ষিতার ২৪ সপ্তাহ পর্যন্ত গর্ভপাতে অনুমতির প্রয়োজন নেই: হাইকোর্ট
বর্তমান | ১৪ আগস্ট ২০২৬
ইন্দোর: ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বাদের ২৪ সপ্তাহ পর্যন্ত গর্ভপাতের জন্য আদালতের অনুমতি প্রয়োজন নেই। একটি মামলায় এমনটাই জানাল মধ্যপ্রদেশ হাইকোর্ট। ১৮ সপ্তাহের ভ্রুনের গর্ভপাতের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল যৌন নির্যাতনের শিকার এক নাবালিকা। সে জানিয়েছিল, এই গর্ভস্থ ভ্রুণের জন্য তীব্র মানসিক যন্ত্রণায় রয়েছে সে। মঙ্গলবার সেই মামলায় নির্যাতিতাদের গর্ভপাতের অধিকার সংক্রান্ত বিষয়টি স্পষ্ট করেছেন বিচারপতি সন্দীপ এন ভাট। পাশাপাশি স্বাস্থ্যদপ্তরকে বলা হয়েছে, আদালতের এই নির্দেশ যাতে সমস্ত হাসপাতালে জানানো হয়। ২০২৫ সালের একটি মামলার উল্লেখ করে আদালত বলেছে, ১৯৭১ সালের আইন অনুযায়ী ২০ সপ্তাহ পর্যন্ত ভ্রুণের ক্ষেত্রে একজন রেজিস্টার্ড চিকিৎসকের কাছে গর্ভপাত করাতে পারবে নির্যাতিতা। ভ্রুণের বয়স ২০ থেকে ২৪ সপ্তাহ পর্যন্ত হলে ২ জন চিকিৎসক প্রয়োজন।