ইউক্রেনের সঙ্গে আইনি লড়াই, রাশিয়ার হয়ে সওয়াল চন্দ্রচূড়ের
বর্তমান | ১৪ আগস্ট ২০২৬
নয়াদিল্লি: আন্তর্জাতিক মঞ্চে রাশিয়ার হয়ে সওয়াল করবেন ভারতের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। জানা গিয়েছে, ইউক্রেনের রাষ্ট্রায়ত্ত ব্যাংক ওশচাদব্যাংকের দায়ের করা একটি আন্তর্জাতিক সালিশি মামলায় রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন চন্দ্রচূড়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সঙ্গে সম্পর্কিত এই মামলায় সামরিক অভিযানের কারণে ব্যাংকের ব্যবসা ও সম্পদের উপর যে প্রভাব পড়েছে, তা নিয়েই মূল বিরোধ। ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিঝঝিয়া অঞ্চলে থাকা সম্পদ ও ব্যবসায়িক কার্যকলাপ হারানোর অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে সরব হয় ওশচাদব্যাংক। তাদের দাবি, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর ওই চার অঞ্চলে তাদের বিপুল সম্পদ ও বিনিয়োগ বাজেয়াপ্ত করা হয়েছে। এর জেরে সংশ্লিষ্ট এলাকাগুলিতে পরিষেবাও বন্ধ করতে হয়। জানা গিয়েছে, ২০২৫ সালের জুলাইয়ে ওশচাদব্যাংক রাশিয়াকে একটি ‘নোটিস অব ডিসপিউট’ পাঠিয়েছিল। তার জবাব রাশিয়া দেয়নি বলে অভিযোগ। এরপরই সালিশি প্রক্রিয়া শুরু করে ইউক্রেনের ব্যাংকটি। রাশিয়ার তরফে চন্দ্রচূড়ের এই নিয়োগ অবশ্য প্রথম নয়। এর আগে রাশিয়া তাঁকে দুটি পৃথক চুক্তি-সংক্রান্ত বিরোধে নিজেদের সালিশি প্রতিনিধি হওয়ার জন্য যোগাযোগ করেছিল। তবে বর্তমান মামলাটি সম্পূর্ণ আলাদা।