• সংসদে ‘লুঙ্গিওয়ালা’ মন্তব্য, সুস্মিতাকে নোটিস ব্রিটাসের
    বর্তমান | ১৪ আগস্ট ২০২৬
  • নয়াদিল্লি: রাজ্যসভার অধিবেশনে ‘লুঙ্গিওয়ালা’ বলে মন্তব্য করার অভিযোগ। বিজেপির রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনলেন কেরলের সিপিএম সাংসদ জন ব্রিটাস। সিপিএম সাংসদের অভিযোগ, সোমবার সংসদে একটি বিল নিয়ে বক্তব্য রাখার সময় ক্রমাগত ‘লুঙ্গিওয়ালা’ বলে তাঁকে বিরক্ত করছিলেন সুস্মিতা। তিনি বলেন, ‘আমি গর্বিত ভারতীয়। দক্ষিণ ভারতীয় এবং মালওয়ালি হিসেবে আমাদের ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস এবং অবশ্যই পোশাকের জন্য গর্ব অনুভব করি।’

    সুস্মিতা দেবের নাম না করে অধিবেশনে সিপিএম সাংসদ বলেন, ‘সংসদে দায়িত্ব পালন করার সময় এক সাংসদ আমাকে ক্রমাগত বিরক্ত করছিলেন। সংসদে বাদানুবাদ হতেই পারে। কিন্তু উনি আমাকে ক্রমাগত লুঙ্গিওয়ালা বলছিলেন।’ যদিও সুস্মিতা জানিয়েছেন, তিনি বা তাঁর দলের কোনো সদস্য বিশেষ কোনো রাজ্যের পোশাক নিয়ে কোনো মন্তব্য করেননি। সিপিএম সাংসদের সঙ্গে দেখা করবেন বলেও জানিয়েছেন সুস্মিতা।  রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণাণ বলেন, ‘সংসদে কোনো সদস্যের বক্তব্য চলাকালীন অন্য সদস্যদের অভব্য ও মর্যাদাহানিকর মন্তব্যের বিষয়টি আমার নজরে এসেছে। সাংসদদের পরামর্শ, তাঁরা যেন অন্য সদস্যদের অনুভূতিতে আঘাত করে কোনো মন্তব্য না করেন। আমাদের দেশ নানান সংস্কৃতির সমাহার। কোনো সদস্যের আঞ্চলিক পরিচয় ও ঐতিহ্য নিয়ে কু-মন্তব্য করা যাবে না।’
  • Link to this news (বর্তমান)