বঙ্গবিভূষণ প্রত্যাহারের পরই গ্রেপ্তার অনন্ত মহারাজের দুই সাগরেদ
বর্তমান | ১৪ আগস্ট ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: নেতাজি সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য। কোচবিহারে গ্রেপ্তার অনন্তর দুই সাগরেদ। ধৃতদের নাম পিন্টু রায় (২৯) ও কৃষ্ণ কার্জি (৪০)। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করে কোচবিহার কোতওয়ালি থানার পুলিশ।
নগেন রায় ওরফে অনন্ত মহারাজ কিছুদিন ধরেই নেতাজিকে নিয়ে কটুক্তি করে যাচ্ছিলেন। তার সেই কুরুচিপূর্ণ বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আলোর গতিতে ছড়িয়ে পড়ে। এই কাজটি করে নগেনের দুই সাগরেদ পিন্টু রায় ও কৃষ্ণ কার্জি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার এই দু'জনের নামে এফআইআর হয়। তারপরেই পিন্টু ও কৃষ্ণকে পুলিশ গ্রেপ্তার করে। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর এদিন সোশ্যাল মিডিয়ার একশো আটখানা কুরুচিপূর্ণ পোস্ট ডিলিট করে কোচবিহার জেলা পুলিশের সাইবার ক্রাইম সেল।
পাশাপাশি আজ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহার করল রাজ্য সরকার। বৃহস্পতিবার বিকেলে নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য ও রাজ্যবাসীর প্রতি তাঁর উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবেই অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে তাঁর সম্পর্কে বেশ কিছু গুরুতর বিষয় সরকারের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে তাঁর কাছে এই সম্মান থাকা বঙ্গবিভূষণের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। সরকারের তরফে সমস্ত বিষয় পর্যালোচনা করার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ‘অনন্ত মহারাজের কাছে বঙ্গবিভূষণ সম্মান থাকা এই পুরস্কারের মর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। সেই কারণেই তাঁকে দেওয়া বঙ্গবিভূষণ অবিলম্বে প্রত্যাহার করা হল’।