• গভীর নিম্নচাপে লাল সতর্কতা, কলকাতা সহ দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস
    বর্তমান | ১৪ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল লাগোয়া উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি গভীর নিম্নচাপ। এর প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবারও এসব অঞ্চলে ব্যাপক বৃষ্টি হয়। আজ, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কলকাতা ও সংলগ্ন অঞ্চলে বেশি বৃষ্টি হতে পারে। ২৪ ঘণ্টায় শহরে ৭০ থেকে ২০০ মিমি পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস। কলকাতার থেকেও বেশি বৃষ্টি হতে পারে রাজ্যের পশ্চিমাঞ্চলে। আজ বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় মাত্রাতিরিক্ত বৃষ্টির ‘লাল সতর্কতা’ জারি করা হয়েছে। এছাড়া হুগলি, পূর্ব বর্ধমান  জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির ‘কমলা সতর্কতা’ থাকছে। শুক্রবার থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে। তবে ওই দিন পুরুলিয়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির ‘কমলা সতর্কতা’ থাকছে। এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের দামোদর অববাহিকা অঞ্চলে কতটা বৃষ্টি হয়, তা নিয়ে আবহাওয়াবিদরা কিছুটা চিন্তায় আছেন। কারণ, এরকম পরিস্থিতিতে ডিভিসির বিভিন্ন বাঁধ থেকে বেশি পরিমাণে জল ছাড়তে হয়। সেক্ষেত্রে বন্যা পরিস্থিতির আশঙ্কা থাকে। স্থলভাগে ঢোকার পর নিম্নচাপটির গতিপ্রকৃতির উপর নির্ভর করছে কোথায় কতটা বৃষ্টি বেশি হবে। আবহাওয়া অধিকর্তা জানিয়েছেন, রাজ্যের উপকূল এলাকার মৎস্যজীবীদের শনিবার পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

    দক্ষিণবঙ্গের উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার কোথাও কোথাও  বুধবার দুপুরেই মাত্রাতিরিক্ত বৃষ্টির ‘লাল সতর্কতা’ জারি করে আবহাওয়া দপ্তর। ২৪ ঘণ্টার মধ্যে কোথাও ২০০ মিমির বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলে ‘লাল সতর্কতা’ দেওয়া হয়। এদিন দুপুরের পর থেকে বৃষ্টি বাড়তে শুরু করে। কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয় এদিনও। কলকাতায়  জল জমার আশঙ্কা থাকায় বিশেষ সতর্কবার্তা ইস্যু করে আবহাওয়া দপ্তর। 

    জুলাই থেকে আগস্টের গোড়া পর্যন্ত পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূল লাগোয়া বঙ্গোপসাগরে চারটি নিম্নচাপ তৈরি হয়েছিল। তার প্রভাবে বেশি বৃষ্টি হয়েছে ওড়িশা ও মধ্য ভারতে। কিন্তু এবারের নিম্নচাপের অবস্থান কিছুটা সরে এসে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলের দিকে হওয়ায় দক্ষিণবঙ্গে বেশি প্রভাব পড়বে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আপাতত মনে করা হচ্ছে, গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে আজ পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করবে। স্থলভাগে ঢোকার পর এটির সম্ভাব্য গতিপথ অনুযায়ী পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। 
  • Link to this news (বর্তমান)