নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: অমাবস্যার ভরা কোটালে উত্তাল হুগলি নদী দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গ্রামের ধারে নদীবাঁধে ধাক্কা মারল সিঙ্গাপুরের একটি পণ্যবাহী জাহাজ। বুধবার সকালে ডায়মন্ডহারবারের নুরপুর ফেরিঘাটে ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় বাঁধে ফাটল দেখা দেওয়ার আশঙ্কা করছেন গ্রামবাসীরা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ‘নাওতাভুম’ নামে কন্টেনার বোঝাই জাহাজটি কলকাতা বন্দরের দিকে যাচ্ছিল। ভরা জোয়ারের সময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে নুরপুর ফেরিঘাটের পাশের নদীতটের দিকে ঘুরে এগতে থাকে। নদীর পাড়ে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায় জাহাজটি। এরপর থেকে দীর্ঘক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে। ঘটনার সময় ফেরিঘাটে কোনো যাত্রীবাহী লঞ্চ না থাকায় বড়োসড়ো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এলাকাবাসীর অনুমান, অমাবস্যার ভরা কোটালে নদীর জলস্তর বেড়ে যাওয়ায় জাহাজটির দিকনির্দেশে সমস্যা হয়। সেই কারণে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতটে ধাক্কা মারে জলযানটি। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। জাহাজটি কীভাবে নিয়ন্ত্রণ হারাল এবং বাঁধের কতটা ক্ষতি হল, তা খতিয়ে দেখা হচ্ছে। ফেরিঘাট সংলগ্ন এলাকায় নিরাপত্তা নিয়েও নজরদারি শুরু করেছে প্রশাসন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই প্রথম নয়, এর আগে দুই থেকে তিনবার এরকম পণ্যবাহী জাহাজ দিকভ্রষ্ট হয়ে পাড়ে এসে কখনো দাঁড়িয়ে পড়েছে আবার কখনো ধাক্কা মেরেছে বাঁধের গায়ে। -নিজস্ব চিত্র