• বনগাঁ পুরসভায় একাধিক দুর্নীতির অভিযোগ, ডেপুটেশন বিজেপির
    বর্তমান | ১৪ আগস্ট ২০২৬
  • সংবাদদাতা, বনগাঁ: তৃণমূল পরিচালিত বনগাঁ পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে ডেপুটেশন দিল বিজেপি। বুধবার বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি তফসিলি মোর্চার সভাপতি শোভন বৈদ্যর নেতৃত্বে এই ডেপুটেশন দেওয়া হয়। বনগাঁ পুরসভার চেয়ারম্যান দিলীপ মজুমদারের কাছে ডেপুটেশন জমা দেন বিজেপি নেতৃত্ব। বিজেপির দাবি, কমিটি গঠন করে দ্রুত দুর্নীতির সঠিক তদন্ত করে পদক্ষেপ নিতে হবে।

    বিজেপির অভিযোগ, দীর্ঘদিন তৃণমূলের দখলে থাকা বনগাঁ পুরসভায় একাধিক দুর্নীতি হয়েছে। এরমধ্যে অন্যতম বনগাঁ থানার সামনে বিশাল জলাশয় বুজিয়ে তৈরি হওয়া হোটেলের লিজ দেওয়া। বিজেপি নেতৃত্ব অভিযোগ করেন, অবৈধভাবে নাম মাত্র টাকার বিনিময়ে হোটেল লিজ দেওয়া হয়েছে। বনগাঁ নিউ মার্কেটে পুরসভার তৈরি ঘর বিক্রিতেও দুর্নীতির নালিশ করেছে বিজেপি। আবাস যোজনায় পুরসভার প্রায় ৫০০ বাড়ি পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের কাছে মোটা টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে। এছাড়াও পুরসভা পরিচালিত একাধিক পার্ক ও কমিউনিটি হলের নাম পরিবর্তনের দাবি জানানো হয়েছে ডেপুটেশনে। পাশাপশি দীর্ঘদিন ধরে পুরসভার বেহাল স্বাস্থ্য পরিষেবা দ্রুত চালুর আবেদন জানান বিজেপি নেতৃত্ব। এবিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি তফসিলি মোর্চা সভাপতি শোভন বৈদ্য বলেন, দীর্ঘদিন ধরে বনগাঁ পুরসভায় দুর্নীতি চলছে। আমরা দ্রুত তদন্ত করে পদক্ষেপ নিতে আবেদন করেছি। এরজন্য নিরপেক্ষ কমিটি গঠনের আবেদনও জানিয়েছি। পুরসভার চেয়ারম্যান দিলীপ মজুমদার বলেন, আমার সময় কোনো দুর্নীতি হয়নি। অতীতের কিছু বিষয়ে তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাব।
  • Link to this news (বর্তমান)