নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সল্টলেকে বেহাল রাস্তার সমস্যা দীর্ঘদিনের। রাজ্যে পালাবদলের পর রাস্তা সংস্কার হয়েছিল। কিছু জায়গায় পিচ তুলে নতুন করে পিচ ফেলা হয়েছিল। কোথাও হয়েছিল প্যাচওয়ার্ক। তবে অনেক জায়গায় এখনও সংস্কার বাকি রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সল্টলেকে প্যাচওয়ার্ক হওয়া একাধিক রাস্তায় পিচ উঠে গিয়ে স্টোনচিপ বেরিয়ে পড়েছে। ফলে আগের মতোই দুর্ভোগে পড়তে হচ্ছে মানুষকে। তাঁদের অভিযোগ, অল্পদিনের মধ্যেই প্যাচওয়ার্ক উঠে গিয়েছে। পুজোর আগে পূর্ণ সংস্কারের দাবি জানিয়েছেন তাঁরা। পুরসভা সূত্রে জানা গিয়েছে, অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। তার জেরে কয়েকটি জায়গায় পিচ উঠে গিয়েছে। তা মেরামত করা হবে। সল্টলেকে দীর্ঘদিন ধরেই রাস্তা খারাপ। স্থানীয় বাসিন্দারা বারবার সংস্কারের দাবি তুলেছিলেন। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তার পূর্ণ সংস্কার হয়নি বলে অভিযোগ। রাজ্যে পালাবদলের পর বাসিন্দারা ফের সরব হন। বিধাননগরের বিধায়ক তথা মন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায় রাস্তা সংস্কারে উদ্যোগ নেন। মাস দু’য়েক আগে সল্টলেকের একাধিক রাস্তায় কাজ শুরু হয়েছে। বেশিরভাগ রাস্তার পুরনো পিচ তুলে ফেলা হয়েছে। তারপর নতুন করে পিচ ফেলা হয়েছে। যেখানে খানা-খন্দ ছিল সেখানে প্যাচওয়ার্ক করা হয়েছে। কিন্তু বেশিরভাগ প্যাচওয়ার্ক উঠে গিয়েছে। অভিযোগ হার্ট ক্লিনিক থেকে খালপাড়ের দিকে যাওয়ার আইল্যান্ডের সামনে প্যাচওয়ার্ক হয়েছিল কিন্তু পিচ উঠে গিয়েছে। সিজিওর সামনেও অবস্থা একই।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, বৃষ্টিতে বিটুমিনের প্যাচওয়ার্ক বেশিদিন টেঁকে না। তার জন্য এখন বহু রাস্তায় কংক্রিটের ব্লক বসানো হচ্ছে। যেমন, ১৩ নম্বর ট্যাঙ্ক থেকে অনিন্দিতা আইল্যান্ড পর্যন্ত একটি লেনে কংক্রিটের ব্লক বসানো হচ্ছে। অন্য লেনটিও বেহাল হয়ে গিয়েছে। ওই লেনটি কিছুদিন আগে বিটুমিন দিয়ে মেরামত করা হয়েছিল। পুরসভার দাবি, পুজোর আগেই রাস্তার হাল ফেরানো হবে। যেখানে নতুন করে গর্ত তৈরি হয়েছে সেগুলি মেরামত করা হবে। যে রাস্তার কাজ এখনও হয়নি। সেই সমস্ত রাস্তাগুলিও সংস্কার করা হবে।- নিজস্ব চিত্র