রাজারহাটে আবাসন প্রকল্পকে বেআইনি চিহ্নিত করে ভাঙার নির্দেশ হাইকোর্টের
বর্তমান | ১৪ আগস্ট ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর ২৪ পরগনার রাজারহাটে ‘অ্যাকোয়া গলফ ভিলা’ নামের আবাসন প্রকল্পকে বেআইনি হিসাবে চিহ্নিত করে তা ভেঙে ফেলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদকে চার সপ্তাহের মধ্যে ওই নির্মাণ ভাঙার ব্যবস্থা করতে হবে বলে নির্দেশে জানিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ।
হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে, অবসরপ্রাপ্ত জাহাজের ক্যাপ্টেন অ্যাশলে ব্রায়ান হায়ামস ওই প্রকল্পে একটি ভিলা বুক করেছিলেন। মামলাকারীর দাবি, ২০১৪ সালে ওই ভিলাটি তিনি ১.৫ কোটি টাকায় বুক করেছিলেন। এর মধ্যে ডেভেলপারকে ৭৮ লক্ষ টাকার বেশি দিয়েও ফেলেছেন। ২০১৬ সালের নভেম্বরের মধ্যে ভিলাটি তাঁকে বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। এরপর প্রকল্পের অনুমোদন সংক্রান্ত তথ্য জানতে গিয়ে তিনি তথ্য জানার অধিকার আইনে দরখাস্ত করেন। জবাবে জানা যায়, চাঁদপুর গ্রাম পঞ্চায়েত, রাজারহাট পঞ্চায়েত সমিতি বা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কারও কাছ থেকে প্রকল্পের প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়নি। প্রকল্পটি পশ্চিমবঙ্গ রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি বা রেরাতেও নথিভুক্ত ছিল না। এরপর রাজারহাটের বিডিও একটি তদন্তকারী দল গঠন করেন। সেই দলের রিপোর্টেও একই তথ্য উঠে আসে। চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আদালতে জানান, ‘অ্যাকোয়া গলফ ভিলা’ নির্মাণের জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি। যাবতীয় তথ্য সামনে আসার পর উত্তর ২৪ পরগনা জেলা পরিষদকে ওই বেআইনি প্রকল্পটি চার সপ্তাহের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ।