অ্যাকাউন্টের তথ্য ক্লোন, ৪টি নতুন ক্রেডিট কার্ড বানিয়ে তছরুপ ৮ লক্ষ, কার্ড ব্লকের পরও প্রতারণা, অভিযোগ সার্ভে পার্ক থানায়
বর্তমান | ১৪ আগস্ট ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্রেডিট কার্ড থেকে ৫০ হাজার টাকা গায়েব। সাইবার প্রতারণার খপ্পরে পড়েছেন বুঝতে পেরে দ্রুত ক্রেডিট ও ডেবিট কার্ড দু’টি ব্লক করে দেন গ্রাহক। তাতেও মেলেনি রেহাই। গ্রাহকের অ্যাকাউন্ট থেকে তথ্য হাতিয়ে নতুন চারটি ক্রেডিট কার্ড ইস্যু করিয়ে নেয় প্রতারকরা। সেগুলির সাহায্যে গ্রাহকের নামে প্রায় ৮ লক্ষ টাকা গায়েব করা হয়েছে।
গ্রাহকের নাম কিংশুক চক্রবর্তী। তিনি সার্ভে পার্ক থানা এলাকার অ্যাভিনিউ সাউথের বাসিন্দা। একটি বেসরকারি ব্যাংকের যাদবপুর ব্রাঞ্চে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে তাঁর। ১৬ বছর ধরে সেই অ্যাকাউন্টটি ব্যবহার করছেন কিংশুকবাবু। অভিযোগ, ১৮ এপ্রিল আচমকা তাঁর ক্রেডিট কার্ড থেকে ৫০ হাজার টাকা খরচের মেসেজ পান। এরপর ব্যাংকে গিয়ে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ক্রেডিট ও ডেবিট কার্ডটি ব্লক করে দেন গ্রাহক। অভিযোগ, সেদিন বিকালে ফের কয়েকটি অপরিচিত নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে। অভিযোগকারীর দাবি, তিনি কোনো ফোন ধরেননি। সেদিন রাত থেকে পরের দিন সকালের মধ্যে অভিযোগকারীর অ্যাকাউন্টের তথ্যের ভিত্তিতে চারটি ক্রেডিট কার্ড ইস্যু করা হয়। অ্যাকাউন্টের তথ্য ক্লোন করে সেই ক্রেডিট কার্ডগুলি ইস্যু হয়েছে বলে মনে করছেন তিনি। অভিযোগ, ওই ক্রেডিট কার্ডগুলি থেকে মোট ৭ লক্ষ ৭৫ হাজার ১০২ টাকা গায়েব হয়ে যায়। এরপর ব্যাংক কর্তৃপক্ষকে বিষয়টি জানান তিনি। জানতে পারেন, কেউ বা কারা গ্রাহকের অ্যাকাউন্ট নম্বর, সই জাল করে ক্রেডিট কার্ড তুলেছে। এরপর সার্ভে পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। তার ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ। কিন্তু, অভিযোগে এত বিলম্ব কেন? তা নিয়ে প্রশ্ন রয়েছে। অভিযোগকারীকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।