• আবাসের টাকা পাইয়ে দেবার নামে প্রতারণা, মধ্য কলকাতার হোটেল থেকে গ্রেপ্তার জামতাড়া গ্যাংয়ের ১১ জালিয়াত
    বর্তমান | ১৪ আগস্ট ২০২৬
  • কলকাতা, ১৩ আগস্ট: জামতাড়া গ্যাং ঘাঁটি গেড়েছিল খাস কলকাতায়। শহরের হোটেলের ঘর ভাড়া নিয়ে চলছিল সাইবার জালিয়াতি। কিন্তু শেষরক্ষা হল না। কুখ্যাত এই অপরাধ চক্রের পর্দা ফাঁস করল পুলিশ। জালে ধরা পড়েছে ১১ জালিয়াত। তাদের মধ্যে আছে মূল পান্ডা। ধৃতদের জেরা করে এই চক্রের শেকড় কতদূর ছড়িয়ে, তা দেখা হচ্ছে।

    সূত্রের খবর, দিন তিনেক আগে মির্জা গালিব স্ট্রিটের হোটেলে উঠেছিল প্রতিবেশী রাজ্যের কয়েকজন যুবক। শহর ঘুরে দেখার জন্য এসেছে বলে জানায় তারা। ফলে এনিয়ে কোনো সন্দেহ হয়নি হোটেল কর্মীদের। কিন্তু বৃহস্পতিবার সকালে সেখানে পুলিশ হানা দিতেই চক্ষু চড়কগাছ সকলের।  

    প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সাধারণ মানুষকে প্রধানমন্ত্রী আবাসা যোজনা, কৃষি বিমা সহ কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার টোপ দিত এই সাইবার প্রতারকরা। আর তাতেই পা দিলে সর্বনাশ! মুহূর্তে ব্যাংক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যেত টাকা। দেশজুড়ে সাধারণ মানুষকে টার্গেট করত এই জামতাড়া গ্যাং। হোটেলের এসি ঘরে বসে চলত তাদের কুকীর্তি।

    বিশেষ সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পার্ক স্ট্রিট থানা এলাকায় ওই হোটেলটিতে আজ সকালে হানা দেয় পুলিশ। হাতেনাতে ধরা পড়েছে অপরাধ চক্রে ১১ সদস্য। ধৃতরা জামতাড়া ও দেওঘরের বাসিন্দা বলে জানা গিয়েছে। এই চক্রের মূল পান্ডা কুন্দন কুমারকেও ধরেছে পুলিশ। উদ্ধার হয়েছে দামি মোবাইল সহ একাধিক ইলেকট্রনিক্স ডিভাইস।
  • Link to this news (বর্তমান)