সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে লম্বা ফাঁকা রাস্তা। সেই রাস্তা দিয়ে হেঁটে আসছিলেন এক মহিলা। তাঁর কিছুটা পিছন থেকে আসছিল একটি স্কুটি। কিছুটা স্পষ্ট হতে দেখা গেল, স্কুটিতে ২ জন সওয়ারি। মহিলার পাশ দিয়ে স্কুটি যাওয়ার সময়ে লাফ গিয়ে নেমে পড়ল পিছনের এক আরোহী। চোখের নিমেষে ওই মহিলার উপর ঝাঁপিয়ে পড়ল ওই ব্যক্তি। ওই মহিলাকে ঠেলে মাটিতে ফেলে মারধর করতে দেখা গিয়েছে অভিযুক্ত ব্যক্তিকে। একটি পথকুকুর এসে বাধা দিতে গেলেও, পিছু হঠতেও দেখা গিয়েছে। ততক্ষণে পাক দিয়ে সামনে এসে গিয়েছে স্কুটি। তারপরে নিমেষে বেরিয়ে গেল অভিযুক্তরা। অভিযোগ, মহিলার সোনার চেন ছিনতাই করতেই এই কাজ করেছে ওই ২ জন। ঘটনাস্থল বেঙ্গালুরু। এই হামলায় জখম হয়েছেন ওই মহিলা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরের ঘটনা এটি। বেঙ্গালুরুর পেন্যার দোদ্দাবিদারাকাল্লু এলাকার ঘটনা। সংবাদমাধ্যম সূত্রের খবর, ছিনতাই হওয়া সোনার হারটির ওজন প্রায় ২৫ গ্রাম। দোষীদের খুঁজতে পুলিশ তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
বেঙ্গালুরুতে পথ চলতি মহিলাদের লক্ষ্য করে ছিনতাইয়ের অভিযোগ এর আগেও এসেছে। সম্প্রতি একাধিক ঘটনায় বাইকে এসে সোনার গয়না ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।